টঙ্গীর একটি কারখানায় বিক্ষোভ ভাঙচুর
উৎসব ও হাজিরা ভাতা বাড়ানো, অর্জিত ছুটির ভাতা দাবিতে ও কয়েকজন নারী শ্রমিকের ওপর নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকার পার্ল প্রিন্স অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার সকাল থেকে বিক্ষোভ করেন।
আংশিক দাবি মেনে কারখানায় ছুটি ঘোষণা করা হলেও সম্পূর্ণ দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকেরা কারখানার মূল ফটকের বাইরে অবস্থান নিয়েছেন।
বিক্ষোভরত শ্রমিকদের কয়েকজন জানান, উৎসবভাতা মূল বেতনের অর্ধেক থেকে বাড়িয়ে সমান অথবা প্রাপ্ত বেতনের (গ্রস সেলারি) তিন ভাগের দুই ভাগ, হাজিরা ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা এবং অর্জিত ছুটির টাকা প্রদানের দাবিতে তাঁরা বিক্ষোভ করেন। এই দাবি নিয়ে চার দিন ধরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। গতকাল সকাল নয়টা থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেন। খবর পেয়ে কারখানার মালিক ও চেয়ারম্যান মো. তসলিম উদ্দিন কারখানায় এসে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। শ্রমিকেরা অভিযোগ করেন, আলোচনা চলাকালে কারখানার ভেতরে বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ চলে যাওয়ার পর মালিকপক্ষের লোকেরা কয়েকজন নারী শ্রমিককে মারধর শুরু করেন।
শ্রমিকেরা বলেন, এ সময় তাঁরা কারখানার বাইরে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। হুড়োহুড়ি করে বের হওয়ার সময় কয়েকজন নারী শ্রমিক সামান্য আহত হন।
খবর পেয়ে একজন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে শিল্প পুলিশ ঘটনাস্থলে আসেন। তাঁরা শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। মালিক তাঁদের দাবির আংশিক মেনে নিতে সম্মত হন। কিন্তু মালিকের প্রস্তাব প্রত্যাখ্যান করে শ্রমিকেরা তাঁদের দাবিতে অটল থেকে বিক্ষোভ চালিয়ে যান। তাঁরা ইটপাটকেল ছুড়ে কারখানার বাইরের দেয়ালের কাচ ভাঙচুর করেন।
কারখানার মালিক ও চেয়ারম্যান মো. তসলিম উদ্দিন শ্রমিকদের মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘একসঙ্গে শ্রমিকদের শতভাগ দাবি মানা সম্ভব নয়। আমি শ্রমিকদের বেশির ভাগ দাবি মেনে নিয়েছি।