টঙ্গীর একটি কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত, উত্তেজনা
গাজীপুরের টঙ্গীর গাজীপুরায় অবস্থিত ভিয়েলা টেক্স পোশাক কারখানার শতাধিক কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। ছাঁটাই-আতঙ্কে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে। গাজীপুর শিল্প-পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, ভিয়েলা টেক্স পোশাক কারখানায় সাড়ে আট হাজার কর্মী রয়েছেন। গত মাসে মালিকপক্ষ কারখানায় প্রয়োজনের অতিরিক্ত কর্মী রয়েছেন—এই যুক্তি দেখিয়ে শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানায়। ঈদের ঠিক আগমুহূর্তে এভাবে শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্তের ঘটনায় শ্রমিকদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক অভিযোগ করেন, পুরোনো শ্রমিকদের ছাঁটাই করে খুব সহজেই কম বেতনে নতুন শ্রমিক পাওয়া যায়। তাই মালিকপক্ষ বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভিয়েলা টেক্সের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আবু শাহাদৎ মো. মাসুম বিল্লাহ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের বিষয়টি স্বীকার করে বলেন, শুধু প্রয়োজনের চেয়ে অতিরিক্ত শ্রমিকদের ছাঁটাই করা হবে।গাজীপুর শিল্প-পুলিশের পরিচালক মুনিবর রহমান বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও মালিকপক্ষকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বলা হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি বিজিএমইএ কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।