টঙ্গীর কলেজগেটে ফুটওভারব্রিজ নির্মাণের দাবি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী কলেজগেট খুবই ব্যস্ত এলাকা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী রাস্তা পারাপারের সময় প্রায়ই এখানে দুর্ঘটনার শিকার হয়। এই পরিস্থিতিতে কলেজগেট এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।এই এলাকায় সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, মহাসড়কের উভয় পাশে মার্কেট, কাঁচাবাজার, পৌরসভার কার্যালয় এবং কিশোর উন্নয়ন কেন্দ্র অবস্থিত। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত লোকজনকে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হয়। দুর্ঘটনা এড়াতে ও নির্বিঘ্নে এই মহাসড়ক পার হতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে এখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছে।টঙ্গী পাইলট স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য এম এম আলাউদ্দিন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, টঙ্গী পাইলট স্কুল, সফিউদ্দিন সরকার একাডেমি ও টঙ্গী সরকারি কলেজে সব মিলিয়ে অন্তত ২০ হাজার শিক্ষার্থী রয়েছে। প্রতিদিন শিক্ষার্থী ও এলাকার লোকজন বিভিন্ন প্রয়োজনে মহাসড়ক পার হয়। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কলেজগেট এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণ জরুরি হয়ে পড়েছে।চেরাগ আলী মার্কেটের ওষুধ ব্যবসায়ী এম এ লতিফ বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকার এক পাশে বৃহৎ কাঁচাবাজার অপর পাশে পৌরসভা, স্কুল মার্কেট ও চেরাগ আলী মার্কেট। এখানে হাজারো মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়।টঙ্গী ট্রাফিক পুলিশের কনস্টেবল মো. সাইদ ও মো. তালেব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির পর শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সুযোগ করে দিতে হিমশিম খেতে হয়। যানবাহন আটকে রাস্তা পারাপারের সুযোগ করে দিতে হয়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।