টঙ্গীর তুরাগ তীরে উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর কামারপাড়া এলাকায় তুরাগ নদের দুই পাশের কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।
উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী হাকিম শামিম বানু ও রাহাত মান্নান এবং বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার আলী, উপপরিচালক শহীদ উল্লাহ প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে গুলজার আলী প্রথম আলোকে বলেন, শক্ত সীমানাপ্রাচীর দিয়ে ভূমিদস্যুরা তুরাগ নদী এলাকা দখল করে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দখলদারের মধ্যে জিপার গ্রুপের স্থায়ী-অস্থায়ী অবকাঠামো ও সীমানাপ্রাচীর, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের এক হাজার ফুট সীমানাপ্রাচীর, টিনশেড স্থাপনাসহ পাঁচটি প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীর উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও বলেন, নদীর সীমানায় কোনো স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া নদী তীরবর্তী ১৫০ ফুটের মধ্যে মালিকানা জমি থাকলেও তাতে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কেউ কোনো স্থাপনা নির্মাণ করতে পারবেন না। দেখা গেছে, গাজীপুরে তুরাগ নদের তীরের অধিকাংশ কারখানা এ নিয়ম মানেনি। আদালতের নির্দেশ অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে তুরাগ তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।