টঙ্গীর তুরাগ নদ থেকে যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গী এলাকায় তুরাগ নদ থেকে গত শুক্রবার মধ্যরাতে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম রতন মিয়া (২৫)। তিনি শরীয়তপুরের জাজিরা থানার গঙ্গানগর গ্রামের মৃত মীর জাহান আলীর ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক আটটার দিকে টঙ্গীর দক্ষিণ আরিচপুরের ভাড়া বাসা থেকে রতন চা পানের উদ্দেশ্যে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত শুক্রবার রাত ১০টার দিকে টঙ্গীর মুদাফা এলাকার প্রত্যাশা হাউজিংয়ের পাশে তুরাগ নদে লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।খবর পেয়ে রাতেই টঙ্গী থানা পুলিশ ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে। যুবকের লাশটি পচে ফুলে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার সকালে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রতন টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকায় ভাড়া থাকতেন এবং ঢাকার মগবাজারে কার্গো সার্ভিসে চাকরি করতেন।