টঙ্গীর বউবাজার ও মধুমিতা রেলক্রসিংয়ে গেট নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর বউবাজার ও মধুমিতা সড়কে নেই কোনো লেভেল ক্রসিং গেট, সতর্কীকরণ বাতি বা নিরাপত্তা প্রহরী। এলাকাবাসীর পক্ষ থেকে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত দাবি জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এখানে এক বছরে দুর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হন।টঙ্গী বাজার বাসস্ট্যান্ড থেকে একটি রাস্তা টঙ্গী বাজারের ভেতর দিয়ে পূর্ব আরিচপুরে চলে গেছে। আরিচপুরের কেন্দ্রস্থলে রেললাইনের দুপাশে গড়ে উঠেছে বউবাজার। বাটা গেটের উল্টো দিকে মধুমিতা সড়কে রয়েছে আরেকটি রেলক্রসিং। এর একটিতেও নেই কোনো রেলগেট।এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারটি এলাকার ভেতরে হওয়ায় সকাল সাতটা থেকে রাত পর্যন্ত লোকসমাগম থাকে। ঝুঁকি নিয়ে লোকজন রেললাইন পার হয়ে বাজারে যায়। দূর থেকে রেলগাড়ি আসতে দেখলে বাজারের লোকজন রেললাইনের দুপাশে দাঁড়িয়ে অপেক্ষা করে। রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে লোকজন হাতের ইশারায় বা কখনো হাঁকডাক দিয়ে সতর্ক করে।এলাকার বাসিন্দা হুমায়ুন কবির জানান, রেললাইনের পূর্ব দিকে শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় ও মহিউদ্দিন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়। একইভাবে পশ্চিম দিকে রয়েছে সিরাজ উদ্দিন সরকারি বিদ্যানিকেতন। ছাত্রছাত্রীরা অরক্ষিত ওই রেললাইন দুটির ওপর দিয়ে যাতায়াত করে।বাজারের মুদি দোকানদার কিরণ মাকসুদ ও ফল বিক্রেতা বিল্লাল জানান, গত এক বছরে এখানে দুর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। রেললাইনের ওপর দিয়ে পাকা রাস্তা তৈরির সময় রেলগেট তৈরি করা হলে এ সমস্যা হতো না বলে তাঁরা মন্তব্য করেন।টঙ্গী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইসমাইল হোসেন বাবু বলেন, একাধিকবার আবেদন করা হলেও রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব দিচ্ছে না।টঙ্গী জংশনের স্টেশনমাস্টার মো. হালিমুজ্জামান বলেন, ‘আমি সরেজমিনে দুটি লেভেল ক্রসিং গেটই পরিদর্শন করেছি। এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।’স্টেশনমাস্টার আরও জানান, এলাকাটি তাঁর সিগন্যাল এলাকার বাইরে। এ ক্ষেত্রে রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন বা সড়ক ও জনপথ প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে এটি নির্মাণ করবে। উভয়পক্ষের সমন্বয়ের অভাবে তা বিলম্বিত হচ্ছে বলেও জানান তিনি।