টঙ্গীর সেই স্টিল মিলকে দুই লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার দায়ে গাজীপুরের টঙ্গীর সাইকা স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর ওই জরিমানা করে।
৪ মার্চ প্রথম আলোয় ‘জরিমানার পরও পরিবেশদূষণ বন্ধ হয়নি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। কারখানাটি ফিল্টারযুক্ত চিমনি ব্যবহার না করেই কালো ধোঁয়া ও দূষিত ভারী বস্তুকণা বাতাসে নির্গমন করে পরিবেশদূষণ করছিল। এ ছাড়া কারখানাটিকে নমনীয় ইস্পাতের (এমএস) রড তৈরির পরিবেশগত ছাড়পত্র দেওয়া হলেও তারা লোহার পিণ্ড তৈরি করে। এ কারণে ২০১২ সালের ১ জুলাই কারখানাটিকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের গাজীপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক সোনিয়া সুলতানা জানান, গত মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর টঙ্গীর মুদাফা এলাকার সাইকা স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার প্রতিনিধিকে ঢাকায় পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে তলব করে শুনানি করেন। কারখানাটি ধোঁয়া পরিশোধনের জন্য ফিল্টারযুক্ত চিমনি (ফিউম এক্সট্রাকশন) নিয়মিত চালু রাখে না।
এতে অনিয়ন্ত্রিত কালো ধোঁয়া ও ভারী বস্তুকণা বাতাসে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করে আসছিল। এভাবে পরিবেশের ক্ষতিসাধনের অপরাধে শুনানি শেষে গতকাল কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।