টঙ্গীর ‘হিমারদীঘি’ দখলের প্রতিবাদে মানববন্ধন
টঙ্গীর ঐতিহ্যবাহী খাসপুকুর ‘হিমারদীঘি’ বালু ফেলে ভরাট করার প্রতিবাদে গতকাল শুক্রবার টঙ্গী প্রেসক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। হিমারদীঘি রক্ষা কমিটি এ কর্মসূচির আয়োজন করে। এর আগে পুকুরটি উদ্ধারের দাবিতে টঙ্গী প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার আবুল হোসেন বলেন, ‘প্রভাবশালী ভূমিদস্যুদের ব্যাপক দখলযজ্ঞের কারণে হারিয়ে যাচ্ছে আমাদের প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী পুকুরটি। ভূমিদস্যুদের এই দখলতাণ্ডব অব্যাহত থাকলে হয়তো অল্প দিনের মধ্যেই পুকুরটি নিজের সত্তাকে হারিয়ে বিলীন হয়ে যাবে।’ তিনি বলেন, এই পুকুরটিকে কেন্দ্র করে টঙ্গীবাসীর মধ্যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সেতুবন্ধ গড়ে উঠেছিল। এই পুকুরের নামানুসারেই ওই গ্রাম ও মৌজা হিমারদীঘি নামে নামকরণ করা হয়।লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বিশাল জলাধারের এই পুকুরটি যেন নিজের সন্তান হিসেবে টঙ্গীবাসীকে এত দিন লালন-পালন করে আসছিল। কিন্তু আজ ভূমিদস্যুদের কবলে পড়ে মাতৃতুল্য এই পুকুরটি নিজের অস্তিত্ব হারাতে বসেছে। এখনই এ ব্যাপারে প্রদক্ষেপ নেওয়া না হলে পুকুরটি কেবলই ‘হিমারদীঘি’ নামে টঙ্গীবাসীর স্মৃতি হয়ে থাকবে। এক প্রশ্নের জবাবে আবুল হোসেন জানান, সিএস খতিয়ানে (খতিয়ান নম্বর ১, দাগ নম্বর ৪৬) ৩ দশমিক ৭৮ একর আয়তনের পুকুরটি তৎকালীন জমিদারের নামে রেকর্ডভুক্ত হয়। পরবর্তী সময়ে আরএস খতিয়ানে (আরএস খতিয়ান নম্বর ১, দাগ নম্বর ২৭) পুকুরের মাত্র ১ দশমিক ৬২ একর জমি বাংলাদেশ সরকারের খাসজমি হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে। অবশিষ্ট জমি বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ড হয়েছে। সংবাদ সম্মেলনে এলাকার শতাধিক লোক উপস্থিত ছিলেন।