টনপ্রতি মাশুল ১৩০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রস্তাব মেনে নৌপথে ভারতীয় পণ্য পরিবহনের জন্য টনপ্রতি ১৩০ টাকা করে মাশুল নির্ধারিত হয়েছে। এ ছাড়া আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত ৫২ কিলোমিটার পথ পাড়ি দিতে টনপ্রতি আরও ৫২ টাকা ২২ পয়সা দিতে হবে। এর সঙ্গে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ তদারকি বাবদ পাবে ১০ টাকা।
গতকাল সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ-ট্রানজিটের জন্য এই মাশুল নির্ধারণ করে সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ। সমঝোতায় বলা হয়েছে, ভারতীয় পণ্যের জন্য প্রহরা চাইলে টনপ্রতি আরও বাড়তি ৫০ টাকা দেওয়ার শর্ত যুক্ত হয়েছে। তবে সাধারণভাবে বাংলাদেশ ভারতীয় পণ্যের জন্য নিরাপত্তা দেবে। বাড়তি নিরাপত্তা চাইলে ভারতকে ওই বাড়তি ৫০ টাকা দিতে হবে।
এ ছাড়া বাংলাদেশ ও ভারত সমুদ্রপথে যাত্রী ও পর্যটক পরিবহনের ব্যাপারে সম্মত হয়েছে। এ ব্যাপারে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়েছে। ট্রানজিট মাশুল নিয়ে করা চুক্তি এবং যাত্রী ও পর্যটক পরিবহন নিয়ে সমঝোতা স্মারকে বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদি ও ভারতের সমুদ্র ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব রাজীব কুমার সই করেন।
বাংলাদেশে ও ভারতীয় প্রতিনিধিদল আজ ও আগামীকাল বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে নৌপথ খনন বিষয়ে আলোচনা, ভারতের নৌযান চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার নিয়ে আলোচনা করবে। ওই আলোচনায় ভারতের ১৫ ও বাংলাদেশের ১২ সদস্যের একটি দল দুটি দলে ভাগ হয়ে আলোচনা করছে।
নৌ-ট্রানজিট মাশুল সম্পর্কে ভারতের নৌপরিবহনসচিব রাজীব কুমার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের দেওয়া প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়ে আমরা মাশুলের পরিমাণ বিষয়ে চুক্তিটি করেছি। খুব শিগগির ওই মাশুল দিয়ে আমরা বাংলাদেশের ভেতরে নৌ-ট্রানজিট শুরু করব। তবে ভবিষ্যতে মাশুলের পরিমাণ নিয়ে পুনর্বিবেচনা করার সুযোগ চুক্তিতে রাখা হয়েছে।’ তিনি বলেন, আশুগঞ্জ বন্দর থেকে ভারতীয় পণ্য বাংলাদেশের ট্রাকে ত্রিপুরার রাজধানী আগরতলা পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রস্তাব তাঁরা মেনে নিয়েছেন। তবে ভবিষ্যতে এ বিষয়টি পর্যালোচনা করা হবে।