টমটম-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে ইঞ্জিনচালিত টমটম ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। জৈনা বাজার-কাওরাইদ সড়কে আবদুল আউয়াল ডিগ্রি কলেজের সামনে আজ রোববার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের একজন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের দুলাল মিয়ার ছেলে লিয়াকত আলী (২৭)। আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কিবরিয়ার ভাষ্য, সকালে আবদুল আউয়াল ডিগ্রি কলেজের সামনে কাওরাইদগামী মাছভর্তি টমটমের সঙ্গে বিপরীতদিক থেকে আসা জৈনা বাজারগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিয়াকত আলী ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

এসআই কিবরিয়া আরও বলেন, লিয়াকত শ্রীপুরের মুলাইদ এলাকার সাদসান গার্মেন্টস কারাখানার অপারেটর ছিলেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশটি হস্তান্তর করা হয়েছে। আর অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।