টমটম ও ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ তিনজন নিহত
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় টমটমের চাপায় দুই শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার উপজেলার উত্তর কান্দাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। একই দিন নেত্রকোনা সদর উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
করিমগঞ্জ থানা সূত্রে জানা গেছে, নিহত শিশু হীরামণি (৫) উপজেলার সিংগুয়া গ্রামের মঞ্জিল মিয়ার ও আশামণি (৬) কালিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। শিশু দুটি সম্পর্কে খালাতো বোন। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে কালিপুর গ্রাম থেকে পরিবারের সদস্যদের সঙ্গে উত্তর কান্দাইল গ্রামে নানাবাড়ি যাচ্ছিল। বিকেল চারটার দিকে তাদের অটোরিকশাটি উত্তর কান্দাইল গ্রামে পৌঁছায়। অটোরিকশা থেকে নামার পর একটি টমটম এসে তাদের চাপা দিয়ে পাশের ধান খেতে উল্টে পড়ে। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারা মারা যায়।
করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বলেন, টমটমের ব্রেক সিস্টেম খুবই দুর্বল। দ্রুত গতিতে চলার কারণে চাপা দেবার পর গাড়িটি চালক নিয়ন্ত্রণ করতে পারেননি। শেষে টমটমটি উল্টে জমিতে পড়ে যায়। চালক আজিজ মিয়াকে আটক করা হয়েছে। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় চালক আজিজ জানান, শিশু দুটি হঠাৎ করে সড়কের মধ্যে চলে আসে। যখন তিনি বিষয়টি বুঝতে পারেন, তখন গাড়িটি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না।
নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা বাজারে গতকাল সকাল পৌনে ১০টায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আশিষ কুমার সাহা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নেত্রকোনা মডেল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী বাজারের ব্যবসায়ী ও হাতিয়র গ্রামের বাসিন্দা আশিষ কুমার সাহা (৩৫) মোটরসাইকেলে করে ময়মনসিংহে যাচ্ছিলেন। সকাল সোয়া আটটার দিকে সদর উপজেলার চল্লিশা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে যানটির চালককে আটক করা যায়নি।