টমটমের চাপায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে অবৈধ যান টমটমের চাপায় স্কুলছাত্র রাকিব মিয়া (১০) নিহত হয়েছে। গতকাল সোমবার নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কের বেলতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল এলাকার মিলন মিয়ার ছেলে। সে বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর ১২টায় বিদ্যালয় ছুটি হলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় রাকিব। সড়ক পার হওয়ার সময় দেওয়ানগঞ্জ বাজার থেকে নান্দাইলগামী একটি টমটমের চাপায় রাকিব ঘটনাস্থলেই প্রাণ হারায়। নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) আ. সাত্তার জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন টমটমসহ চালক বাচ্চু মিয়াকে (৩৫) আটক করে। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে চালককে থানায় নিয়ে আসেন।