টমেটোখেতে মোজাইক ভাইরাসের আক্রমণ, ফলন বিপর্যয়ের আশঙ্কা
বগুড়ার ধুনটের বিভিন্ন এলাকার অধিকাংশ টমেটো খেত পাতা কুঁচকানো রোগ মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, পাঁচ বছর ধরে এই উপজেলার কৃষক অন্যান্য ফসলের চেয়ে তুলনামূলকভাবে টমেটো চাষ করে অধিক লাভবান হচ্ছেন। গত বছর উপজেলার ১০টি ইউনিয়নে ২ হাজার কৃষক ২৫০ হেক্টর জমিতে টমেটো চাষ করেন। সারা দেশে অবরোধ-হরতাল থাকা সত্ত্বেও তাঁরা লাভের মুখ দেখেন। প্রতি বিঘায় ৩০ হাজার টাকা খরচ করে ৬০ থেকে ৭০ হাজার টাকার টমেটো বিক্রি করেন। তাই এ বছর প্রায় ৩ হাজার কৃষক ৩৫০ হেক্টর জমিতে টমেটো চাষ করেছেন। জমিতে চারা রোপণের পর থেকে পরিবেশ অনুকূলে থাকায় টমেটো গাছগুলো দ্রুত বেড়ে উঠলেও হঠাৎ করে গাছগুলোর পাতা কুঁচকে যাচ্ছে।
গত বুধবার সকালে আনারপুর, কালেরপাড়া, পারধুনট ও এলাঙ্গী এলাকায় গিয়ে খেত ঘুরে দেখা যায়, টমেটো গাছগুলোর উপরিভাগের পাতা কুঁচকে গেছে। এ সময় ক্ষতিগ্রস্ত আট-নয়জন টমেটোচাষির সঙ্গে কথা হয়। এ কারণে চাষিরা গাছ থেকে টমেটো ঝরে যাওয়ার আশঙ্কা করছেন।
আনারপুর গ্রামের কৃষক মোমতাজ উদ্দীন বলেন, গত বছর ২২ হাজার টাকা খরচ করে ২২ শতক জমি থেকে ৪৪ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। এ কারণে এ বছর বেশি লাভের আশায় ৩৩ শতক জমিতে টমেটো চাষ করেন। এত দিন গাছগুলো ভালো ছিল। এখন ফল ধরার সময় হয়েছে। এ মুহূর্তে গাছের পাতা কুঁচকে যাওয়ায় ফল কম ধরছে। কীটনাশক প্রয়োগ করেও কোনো লাভ হচ্ছে না।
কালেরপাড়া গ্রামের কৃষক আবদুল মজিদ বলেন, ‘গতবার লাভ পেয়ে খুব আশা করে এ বছর ২৫ শতক জমিতে টমেটো চাষ করেছি। কিন্তু ফল ধরার সময় এখন পাতা কুঁচকে যাচ্ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সাদা মাছির জন্য গাছের চারা মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়। চারা যাতে আক্রান্ত না হয় সে জন্য বীজ বপণের সময় বীজতলা নেট বা মশারি দিয়ে ঢেকে রাখতে হয়। চাষিদের আগে থেকে এ ধরনের পরামর্শ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা সেই অনুযায়ী কাজ না করায় টমেটো গাছ এ ধরনের রোগে আক্রান্ত হয়েছে। এখন জমি থেকে ওই গাছগুলো উপড়ে ফেলতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।