টমেটো চাষে কৃষক হাসে

জামালপুর সদর উপজেলার পূর্বাঞ্চলের গ্রামগুলোয় টমেটোর বাম্পার ফলন হয়েছে। বাজারে এর দামও ভালো মেলায় কৃষকের মুখের হাসি আরও চওড়া হয়েছে। টমেটো চাষ করে পাঁচটি ইউনিয়নের প্রায় ছয় হাজার কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
ইউনিয়নগুলো হলো তুলসীরচর, রানাগাছা, লক্ষ্মীরচর, শরিফপুর ও নরুন্দি। এসব ইউনিয়নের ৩৭টি গ্রামে ব্রহ্মপুত্র নদের চরের ১ হাজার ৭ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। গত বছর এসব গ্রামে ১ হাজার ৩০০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়। এ বছর ৪০০ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে।
কয়েকজন চাষি বলেন, পূর্বাঞ্চলের গ্রামের লোকজন টমেটো চাষকে তাঁদের অন্যতম পেশা হিসেবে বেছে নিয়েছেন। এতে সফলতা পাওয়ায় প্রতিবছর গ্রামের পর গ্রামে এর চাষ বাড়ছে। টমেটোর বাজারখ্যাত নান্দিনা বাজার থেকে প্রতিদিন পাঁচ হাজার মণ টমেটো ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। মৌসুমের শুরুর দিকে হওয়ায় বাজারে এখন ১ হাজার ৬০০ টাকা মণ দরে টমেটো বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বাড়লে দাম কমে যাবে।
লক্ষ্মীরচর এলাকার বুলবুল আহম্মেদ বলেন, তিনি এবার এক বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। এতে তাঁর ২৫ হাজার টাকা খরচ হয়েছে। কিছুদিন ধরে টমেটো বিক্রি শুরু হয়েছে। বাজারে এখন দাম খুব ভালো। এ পর্যন্ত তিনি পাঁচ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। তাঁর জমিতে যে পরিমাণ টমেটো রয়েছে, তা আরও প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। এতে সব খরচ বাদ দিয়ে তাঁর ২০ হাজার টাকা লাভ হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। এ বছর বাজারে টমেটোর দামও ভালো পাচ্ছেন কৃষক। প্রতি বিঘায় একজন চাষি খরচ বাদে এ বছর ২৫ থেকে ৩৫ হাজার টাকা লাভ করতে পারবেন।