তৈরি পোশাক কারখানায় নিরাপত্তা ও কাজের পরিবেশের উন্নতিসংক্রান্ত চুক্তিতে গ্যাপ ও ওয়াল-মার্টের স্বাক্ষর করার দাবিতে কানাডার টরন্টোতে প্রতিষ্ঠান দুটির কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়েছে। বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিকদের শ্রম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গত শনিবার এ বিক্ষোভের আয়োজন করা হয়। গত এপ্রিলে সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক শ্রমিক নিহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০টির বেশি প্রতিষ্ঠান অগ্নিনির্বাপণ ও ভবন নিরাপত্তাসংক্রান্ত ওই চুক্তিতে সই করে। তবে নিজেদের কারখানার কাজের পরিবেশ নিজেরাই উন্নত করবে মর্মে যুক্তি তুলে ধরে ওয়াল-মার্ট ও গ্যাপ চুক্তিতে সই করেনি। টরন্টো ও ইয়র্ক রিজিওন লেবার কাউন্সিল শনিবারের বিক্ষোভের আয়োজক। সংস্থাটির সভাপতি জন কার্টরাইট বলেন, ‘আমরা চাই, প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় চুক্তিতে সই করুক।’ বাংলাদেশের পোশাক কারখানাগুলোর কাজের পরিবেশ নিয়ে গবেষণাকারী ভিক্টর গমেজ বলেন, ‘আমাদের উচিত বাংলাদেশের উদ্যোক্তাদের ওপর রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করা।’ সিবিসি নিউজ।