টর্চলাইট বিস্ফোরিত হয়ে পাঁচ ঘর পুড়ে ছাই
চার্জে দেওয়া টচর্লাইট বিস্ফোরিত হয়ে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। গত শুক্রবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাতঐল মৎস্যজীবীপাড়ায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তিনজন আহত হয়েছেন এবং চারটি পরিবারের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রাত পৌনে আটটার দিকে ওই পাড়ার রাজু আহম্মেদের ঘরে চার্জে দেওয়া একটি টচর্লাইট বিস্ফোরিত হয়। এতে বিদ্যুতের তারে আগুন ধরে যায় এবং তা গোটা ঘরে ছড়িয়ে পড়ে। পরে সেই আগুনে পাশের বাড়ির আবদুস সালামের দুটি ঘর, সাবের আলীর একটি ও আবদুল হান্নানের একটি ঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে সালাম (৩৫), রাজু (৩২) ও হান্নান (২৮) আহত হন। গ্রামের লোকজন রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী আবদুল মালেক বলেন, ঘটনার সময় পাড়ার অধিকাংশ পুরুষ বাইরে থাকায় আগুন নেভাতে দেরি হয়।
ক্ষতিগ্রস্ত সালাম জানান, চার পরিবারের ১৫ হাজার টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে। স্থানীয় চান্দাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই দরিদ্র। তাঁদের সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।