ঘন ঘন লোডশেডিংয়ে কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের অস্ত্রোপচার ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করেও প্রতিকার মিলছে না বলে কর্তৃপক্ষ বলছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে প্রতিদিন কয়েকজন রোগীর অস্ত্রোপচার করতে হয়। কিন্তু সকাল থেকে শুরু হয় লোডশেডিং। সেই সঙ্গে যোগ হয়েছে লো ভোল্টেজের সমস্যা। এতে অস্ত্রোপচার করতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। সময়মতো ও নির্দিষ্ট দিনে রোগীদের অস্ত্রোপচার করা যাচ্ছে না। গতকাল বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, অস্ত্রোপচারের দুটি কক্ষে চারজন রোগীকে অচেতন করে রাখা হয়েছে। কিছুক্ষণ পর দুজনের অস্ত্রোপচার শুরু হয়। আকস্মিক বিদ্যুৎ চলে গেলে যন্ত্রগুলো বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন শল্যচিকিৎসকেরা। বিকল্প বিদ্যুৎ-সংযোগ এলেও তা দিয়ে যন্ত্রগুলো চালু করা যাচ্ছিল না। পরে টর্চের আলোয় তাঁরা একজন রোগীর অস্ত্রোপচার শেষ করেন। এভাবেই পৌনে একটা পর্যন্ত থেমে থেমে অস্ত্রোপচার চলে। নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক বলেন, এমনও হয়, কোনো রোগীকে এক ঘণ্টার জন্য অচেতন করা হলো, কিন্তু বিদ্যুতের অভাবে দুই ঘণ্টার বেশি লেগে যায়। এতে রোগীর অস্ত্রোপচার নিয়ে অনেক সমস্যা হচ্ছে। এর সঙ্গে অন্য সমস্যা তো রয়েছেই।জ্যেষ্ঠ কনসালট্যান্ট (সার্জারি) আবদুল লতিফ বলেন, ‘লোডশেডিংয়ের কারণে প্রতিদিন নির্দিষ্টসংখ্যক রোগীর অস্ত্রোপচার করা যায় না। আধা ঘণ্টার অস্ত্রোপচার করতে দুই ঘণ্টাও লেগে যায়।’ আরেক কনসালট্যান্ট (সার্জারি) সুরেশ কুমার তুলসান বলেন, অস্ত্রোপচারের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় যন্ত্রপাতি বন্ধ হয়ে যায়। এতে রোগীর হূদ্কম্পন ঠিকমতো চলছে কি না, তা-ও বোঝা যায় না। তখন রোগী বাঁচানোই কঠিন হয়ে পড়ে। প্রধান হিসাবরক্ষক মীর আলফাজউদ্দীন বলেন, লোডশেডিং নিয়ে বিদ্যুৎ অফিসে জানিয়েও ফল পাওয়া যাচ্ছে না। সহকারী পরিচালক আজিজুন নাহার জানান, চলতি মাসে সমস্যা প্রকট হয়েছে। বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর চালুর কাজ চলছে।