টর্নেডো উড়িয়ে নেওয়ার পরও বেঁচে গেল বোন দুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ওয়ার্ড। পাশাপাশি শয্যায় দুই বোন শুয়ে আছে। দুজনেরই পায়ে ব্যান্ডেজ। একজনের বয়স ১৩, অন্যজনের ছয়। ঘটনার পর থেকে ছোট বোন মুক্তা বেগম নির্বাক। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। বড় বোন লিজা আক্তার একটু একটু কথা বলে। কিন্তু ধকলটা এখনো কাটিয়ে উঠতে পারেনি কেউই।দুই বোনের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে। গুরুতর আহতাবস্থায় ৮ অক্টোবর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন ভোরে ইসলামপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে আহত হয় বোন দুটো। তাদের পরিবার ও গ্রামবাসীর দাবি, হঠাৎ আঘাত হানা টর্নেডো বড় বোনকে উড়িয়ে নিয়ে তিন কিলোমিটার দূরে গাছের ওপর আছড়ে ফেলে। আর ছোট বোনটিকে নিয়ে ফেলে বাড়ি থেকে ২০০ গজ দূরের পুকুর পাড়ে।গত বৃহস্পতিবার হাসপাতালে কথা হয় লিজা আক্তারের সঙ্গে। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে, ‘ক্যামনে বাঁইচ্যা আছি কইতারি না। একটা দৈত্যের লাহান বাতাস আইয়া ঘরের চালের লগে আমাগো উড়াইয়া লইয়া গ্যাছে। হ্যারপর আর কিছু মনে নাই। এ্যাহন দেহি আমার পাও লারাইতে পারি না। মাথা, বুক, পিঠ সব ব্যথা করে। ছোট বুইনডার দুইডা পাও ভাঙছে।’ হাসপাতালের সেবিকা হোসনে আরা বলেন, ‘যখন এখানে আনা হয়েছে, তখন ওর চুলের জট দেখে ভয় পেয়েছিলাম।’সরেজমিনে ইসলামপুর গ্রামে গিয়ে দেখা যায়, লিজাদের ছাপড়াঘরটির আর কোনো অস্তিত্ব নেই। বাড়ির গাছ-গাছড়া টর্নেডোর আঘাতের সাক্ষ্য বহন করছে। লিজার বাবা দেলোয়ার তালুকদার পেশায় দিনমজুর। মা শাহানার বেগম অন্যের বাড়িতে কাজ করেন।গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার (৮ অক্টোবর) ফজরের নামাজের পরপরই টর্নেডোটি আঘাত হানে। ঘরের সঙ্গে বোন দুটিকেও উড়িয়ে নিয়ে যায় ঝড়। তাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে গাছের ওপর পড়ে ডালের সঙ্গে আটকে যায় লিজা। তাকে ওই স্কুলের দপ্তরি মোক্তার হোসেন গাছ থেকে নামান। লিজা ওই স্কুলেরই সপ্তম শ্রেণীর ছাত্রী। অন্যদিকে, বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি পুকুর পাড়ে পাওয়া যায় মুক্তাকে। দুই বোনই ছিল অচেতন।তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি আবদুল মোতালেব বলেন, ‘মাইডার চুল গাছের লগে পেচাইয়া আছেলে। সকাল পৌনে ছয়টার দিকে অরে নামাইছি।’ চাকামইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজিজ খান বলেন, ইসলামপুর গ্রামের যে অংশ দিয়ে টর্নেডো বয়ে গেছে, সেখান থেকে বিদ্যালয়টির দূরত্ব হবে তিন কিলোমিটার। দেলোয়ার তালুকদার জানান, টর্নেডোর আঘাতে লিজার বাঁ পায়ের হাঁটুর নিচে ও ওপরে দুটি হাড় এবং মুক্তার দুটি পা ভেঙে গেছে। এ ছাড়া দুজনের হাত, মাথা, বুকে, পিঠে প্রচণ্ড আঘাত লেগেছে। মেয়ে দুটির পেছনে তাঁর প্রতিদিন এক হাজার ৫০০ টাকা খরচ হচ্ছে। হাসপাতাল থেকে কিছু ওষুধ পাচ্ছেন। কিন্তু ওদের চিকিৎসার খরচ আর বইতে পারছেন না তিনি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক আতাউল ইসলাম বলেন, ‘লিজা ও মুক্তা দুই বোন গুরুতর আহত অবস্থায় এখানে এসেছে। মুক্তার প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ত, এখন বন্ধ হয়েছে। মারাত্মকভাবে পায়ের হাড় ভেঙে গেছে। সেরে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে।’