টর্নেডো-দুর্গতদের আরও সহায়তা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ১৫৮টি পরিবার আরও সহায়তা পেয়েছে। ঘর তৈরির জন্য তাদের প্রায় সাড়ে ১২ লাখ টাকা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে গতকাল বুধবার এবং গত মঙ্গলবার একটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই সহায়তা দেওয়া হয়।গতকাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিউলী আক্তারের পক্ষ থেকে ১৫৮টি পরিবারকে চাল, আলু, ডাল, মোমবাতি ও দেশলাই দেওয়া হয়। এ ছাড়া কসবার সৈয়দাবাদ গ্রামের সামসুল কাউনাইন কুতুব ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে এক লাখ টাকা দিয়েছেন।গতকাল সকালে উপজেলা প্রশাসন ৪০টি পরিবারকে ঘর তৈরি করার জন্য ছয় হাজার টাকা দেয়। এ ছাড়া ওই ৪০টিসহ ১৫৮টি পরিবারকে ঘর নির্মাণের জন্য মোট ১০ লাখ টাকা দিয়েছে উত্তরা মটরস। গত মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই টাকা বিতরণ করা হয়। এ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার ছয় হাজার ৩৩০ টাকা পেয়েছে।উপজেলা প্রশাসন জানায়, টিন পেয়েও টাকার অভাবে ঘর বানাতে পারছিল না ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ওই টাকা দিয়ে গতকাল থেকে তারা ঘর নির্মাণের কাজ শুরু করেছে।