টর্নেডো-দুর্গতদের মধ্যে প্রথম আলো ও গ্রামীণফোনের টিন বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো-দুর্গত ২০টি গ্রামের ১০০ পরিবারের মধ্যে প্রথম আলো ও গ্রামীণফোনের উদ্যোগে টিন বিতরণ করা হয়েছে। সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল শুক্রবার দুপুরে ওই বিতরণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন প্রথম আলো, গ্রামীণফোন ও বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসের (বিজ) প্রতিনিধি এবং ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সদস্যরা। প্রতিটি পরিবারকে দেড় বান্ডিল (১৩টি) করে টিন দেওয়া হয়েছে। এসব টিনের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুলতলা গ্রামের বাদল মিয়া। টিন পেয়ে তাঁর মতোই খুশি হয়েছেন মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের নয়ঘরহাটি এলাকার বাসিন্দা খোশ পিয়ারা ও হাজেরা বেগম এবং ফুলবাড়িয়া গ্রামের মাহমুদা বেগম।এ সময় তদারকির দায়িত্বে ছিলেন প্রথম আলোর মানবসম্পদ বিভাগের নির্বাহী মাহবুব কায়সার ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেন। গ্রামীণফোনের প্রতিনিধি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা বিভাগের বিশেষজ্ঞ রিয়াজুন নবী, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ব্যবস্থাপক মো. আহসান হাবীব ও জ্যেষ্ঠ নির্বাহী মর্তুজা হাসান। ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার পক্ষ থেকে ছিলেন সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিমন ভূঁইয়া, অর্থ সম্পাদক নূর আহমেদ, দপ্তর সম্পাদক মাইনুদ্দিন রুবেল ও সমাজকল্যাণ সম্পাদক মামুন পাঠান। এ ছাড়া বিজের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. আবদুস সালাম, ব্যবস্থাপক (সেবা) গোলজার রহমান ও আনোয়ার মোস্তফা এবং ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ব্যবস্থাপক ফয়জার রহমান, স্থানীয় চাঁন্দপুর শাখা ব্যবস্থাপক অজয় দেবনাথ উপস্থিত ছিলেন।