টর্নেডোতে সার্কাসের প্যান্ডেল ভেঙে ৫০ দর্শক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় গত বুধবার রাতে ১৫ মিনিট স্থায়ী টর্নেডোতে লক্ষ্মণ দাস সার্কাসের প্যান্ডেল ভেঙে দর্শকদের ওপর আছড়ে পড়ে। এতে নারী, শিশুসহ কমপক্ষে ৫০ জন দর্শক আহত হয়।আহত ব্যক্তিদের মধ্যে স্থানীয় খুরশিদা বেগম (৩৫), তাঁর ছেলে রাব্বি (৪) এবং তানভির (১৮) ও হাফিজা বেগমকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলা সদর থানাসংলগ্ন বালু মাঠে গত বুধবার লক্ষ্মণ দাস সার্কাসের সন্ধ্যাকালীন প্রদর্শনী (৯টা—১২টা) শুরু হয়। রাত প্রায় সাড়ে ১১টায় আকস্মিক টর্নেডো শুরু হলে সার্কাসের প্যান্ডেলের প্রধান দুটি খুঁটি ভেঙে দর্শক গ্যালারির ওপর পড়ে। এ সময় দর্শকেরা ছোটাছুটি শুরু করলে এক এক করে গ্যালারিও ভেঙে পড়ে। এতে কমপক্ষে ৫০ জন দর্শক আহত হয়। টর্নেডো থেমে যাওয়ার পর গৌরনদী দমকল বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ তিন ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।খুরশিদা বেগম (৩৫) জানান, রাত সাড়ে আটটার শো দেখার জন্য তিনি তাঁর শিশুপুত্র রাব্বিকে নিয়ে গ্যালারিতে বসা ছিলেন। রাত সোয়া ১১টায় শো চলাকালে হঠাত্ করে সার্কাসের পশ্চিম পাশের গ্যালারি ও প্যান্ডেল ভেঙে আছড়ে পড়ে। এতে তিনি ও তাঁর ছেলেসহ অনেক দর্শক আহত হয়।সার্কাসের মালিক বীরেন চন্দ্র দাস জানান, শেষপর্যায়ে সাইকেল খেলার প্রদর্শনী চলাকালে প্রচণ্ড ঝড় শুরু হয়। এতে তাঁর কর্মীসহ কমপক্ষে ৫০-৬০ জন দর্শক আহত হয়।আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং নয়জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।