টর্নেডোয় একজন নিহত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নে তিনটি গ্রামের ওপর দিয়ে গতকাল সোমবার বিকেলে বয়ে যাওয়া টর্নেডোয় রেবেকা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এতে কমপক্ষে সাতজন আহত হন।এলাকাবাসী জানান, বিকেল সাড়ে চারটার দিকে সোনাটিয়া, বড় দক্ষিণপাড় ও ছোট দক্ষিণপাড় গ্রামের ওপর দিয়ে টর্নেডোটি বয়ে যায়। এর স্থায়িত্ব ছিল দেড় মিনিট। এতে বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি ও আটটি মুরগির খামার। টর্নেডোয় প্রায় ৩০ একর জমির বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ছোট দক্ষিণপাড় গ্রামে ঝড়ের মধ্যে জলিল হাওলাদারের বাড়ির গোয়ালঘর হেলে পড়ে। এ সময় তাঁর স্ত্রী রেবেকা বেগম ঘর তুলতে গেলে একটি গাছ তাঁর শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘরের নিচে চাপা পড়ে সোনাটিয়া, ছোট দক্ষিণপাড় ও বড় দক্ষিণপাড় গ্রামের মোসলেম শেখ (৫৫), তহরুন নেছা (৫৫), মনিকা ফরাজিসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ইউএনও মোহাম্মদ মিকাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।