টর্নেডোয় ক্ষতি ১৬০ কোটি টাকা, প্রাণহানি ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২২ মার্চের টর্নেডোয় আনুমানিক ১৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানি ঘটেছে ৩৬ জন নারী, পুরুষ ও শিশুর। আহত হয়েছেন ৪৩১ জন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবুল বাশার গত বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিবেদনের মধ্যে সমন্বয় করে এ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, টর্নেডোয় ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার মোট ১৫ বর্গকিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার মোট সাড়ে আট হাজার বাসিন্দা ক্ষতির শিকার হয়েছে। খুব বেশি ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার ৭৩১টি পরিবার। এক হাজার ৭৭৮টি বাড়ি সম্পূর্ণরূপে ও ৭৪৪টি বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, টর্নেডো আক্রান্ত গ্রামগুলোর মোট ১৭৩ একর জমির ৮৩ লাখ টাকার ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। আংশিক নষ্ট হয়েছে এক হাজার ১১২ একর জমির প্রায় তিন কোটি টাকার ফসল। এ ছাড়া গবাদিপশু ও হাঁস-মুরগি বাবদ মোট ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। টর্নেডোয় একটি কলেজ এবং নয়টি স্কুল-মাদ্রাসা ও পাঁচটি মসজিদ পুরোপুরি ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আড়াই কিলোমিটার পাকা সড়ক। বিধ্বস্ত গ্রামগুলোর মোট ৩৬৯টি হস্তচালিত নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রতিবেদনে স্থানীয় পল্লী বিদ্যুৎ ও গণপূর্ত বিভাগের বরাত দিয়ে বলা হয়, টর্নেডোতে ৬৯টি বৈদ্যুতিক খুঁটি, অগণিত কয়েল তার ও ছয়টি ট্রান্সফর্মার নষ্ট হয়ে প্রায় ২৫ কোটি টাকা এবং জেলা কারাগারের বিশাল এলাকাজুড়ে সীমানা প্রাচীর ভেঙে পড়ায় প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।প্রতিবেদনে ওই টর্নেডোয় সব মিলিয়ে ১৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হয়েছে।প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এ পর্যন্ত টর্নেডোর ছোবলে মোট ৩৬ জন নিহত হওয়ার তালিকা দিয়েছে। এর মধ্যে ১৬ জন নারী, ১৩ জন পুরুষ ও নয়জন শিশু। নিহত ৩৬ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চার ইউনিয়নেরই ৩২ জন। এর মধ্যে ১৯ জনই সদরের বাসুদেব ইউনিয়নের। কসবা উপজেলার দুজন, বিজয়নগর উপজেলার একজন ও জেলা কারাগারের একজন কারারক্ষী কনস্টেবল রয়েছেন। ৪৩১ জন আহত হয়েছেন।তবে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শওকত হোসেন জানান, মোট নিহত হয়েছে ৩৭ জন। টর্নেডোর আঘাতে আহত সদর উপজেলার চিনাইর গ্রামের রঙ্গু চৌধুরীর মেয়ে তানজিনা বেগম (২৫) ১ মার্চ মারা গেছেন। দেরিতে তথ্য পাওয়ায় তাঁর নাম তালিকায় সংযোজন করা যায়নি।