টর্নেডোয় বই-খাতা নষ্ট অর্ধশত শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের ওপর দিয়ে শনিবার বয়ে যাওয়া টর্নেডোয় ওই গ্রামের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় অর্ধশত শিক্ষার্থীর বই, খাতাসহ শিক্ষার অন্যান্য উপকরণ নষ্ট হয়ে গেছে।এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তানজিলা বেগম বলে, ‘মোর আর ল্যাহাপড়া মনে হয় অইবে না। স্কুলে যাওয়ার একখানও বই-খাতা নাই। ঝড়ে মোগো ঘরডাও উড়াইয়া লইয়া গ্যাছে। মোরা দুইডা ভাই-বোন এ্যাহন কোমমে থাকমু, কী খামু, কিছুই নাই।’বুধবার সরেজমিনে দেখা গেছে, গ্রামের একটি ঘরও অক্ষত নেই। বসতবাড়ির ৩৫টি ভিটা পড়ে আছে শূন্য। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথা গোঁজার কোনো অবলম্বন করতে পারেনি। গত কয়েক দিনের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের কারণে এ পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়েছে। গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা রোদ-বৃষ্টি থেকে বাঁচতে স্কুল ও সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এর মধ্যে দক্ষিণ গোলবুনিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী এবং এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের ২৮ জন শিক্ষার্থী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বই, খাতা-কলমসহ অন্যান্য উপকরণ নষ্ট হয়ে গেছে। টর্নেডোয় অন্তত ২০ জন আহত হয়েছে।সত্তরোর্ধ আজাহার উদ্দিন মৃধা বলেন, ‘মুই তহন তরমুজ খ্যাতে (খেত) আগাছা পরিষ্কার করতে আছেলাম। দেহি কী চারিদিক আন্দার অইয়া আইতেছে। কোনো কিছু বোজনের আগেই হঠাৎ ঘুল্লা বাতাসে মোরে জাগাইয়া মাডিতে হালাইয়া দেয়। মাডি দিয়া উইঠ্যা খাড়াইয়া দেহি গ্রামের ঘর-বাড়িগুলা উড়াইয়া লইয়া যাইতেছে।’ক্ষতিগ্রস্ত কুদ্দুস হাওলাদার বলেন, ‘গ্রামের ৩৫টি পরিবার সংসারের কিচ্ছু বাঁচাইতে পারে নাই। মোগো পরনের কাপুড় ছাড়া আর কিচ্ছু নাই।’ চম্পাপুর ইউনিয়নের প্রশাসক বদিউর রহমান বন্টিন বলেন, ‘ওই গ্রামের বাসিন্দারা এখন পর্যন্ত কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ স্কুলঘরে রাত যাপন করছে।’ কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। দু-একটি সংস্থা থেকে ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। তবে এদের জরুরি ভিত্তিতে পুনর্বাসন করা প্রয়োজন।’দক্ষিণ গোলবুনিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব মুন্সী বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের একটি তালিকা তৈরি করেছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দু-এক দিনের মধ্যেই তা জমা দেব।’ এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি হালদার বলেন, ‘এ ব্যাপারে আমরাও সহায়তা চেয়ে তালিকা পাঠাব।’ কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, ‘আমিও শুনেছি ওই গ্রামে বসবাস করা শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে। তবে এ ব্যাপারে যথাসম্ভব সহায়তা দেওয়া যাবে।’ পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা সুকুমার চন্দ্র হাওলাদার বলেন, ‘এ ব্যাপারে আমাকে কেউ জানায়নি। তবে আমি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব, যাতে শিক্ষার্থীরা দ্রুত বিদ্যালয়মুখী হতে পারে।’