টর্নেডোয় লন্ডভন্ড দুটি গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পৃথক টর্নেডোয় পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে শত শত গাছ ও বৈদ্যুতিক তারের খুঁটি। আহত হয়েছে অন্তত ৩২ জন।
মেহেরপুর সদর উপজেলায় রোববার রাত সাড়ে ১২টার দিকে মাত্র এক মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে চাঁদবিল গ্রাম। চার শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, দুটি মসজিদ ও একটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে ১২ জন। বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে রয়েছে বহু গ্রামবাসী।
চাঁদবিল গ্রামে এখন শুধুই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আহাজারি। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল ওই গ্রামে গিয়ে দেখা যায়, টর্নেডোয় বহু পুরোনো শত শত আম, লিচু, মেহগনি গাছ—কোনোটি উপড়ে, আবার কোনোটি ভেঙে গেছে। অধিকাংশ ঘরবাড়ির ছাউনি উড়ে গেছে। ভেঙে গেছে বাড়ির দেয়াল। উপড়ে আছে বিদ্যুতের খুঁটি। মাটিতে মিশে গেছে খেতের ফসল।
গ্রামবাসী জানান, টর্নেডোয় চাঁদবিল, হালদারপাড়া, দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়ার অধিকাংশ ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।
গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন, মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন সুলতানাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও দুর্গত ব্যক্তিদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। জেলা পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, বিদ্যুৎ-ব্যবস্থা স্বাভাবিক করতে দুই দিন সময় লাগবে।
এদিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিলাইচণ্ডী ইউনিয়নের ক্যানেল বাজার এবং এর সংলগ্ন হরতকীতোলা গ্রামে গতকাল দুপুরে টর্নেডোয় পূজামণ্ডপসহ শতাধিক দোকান ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। টর্নেডোর পর কয়েক শ মানুষ খোলা আকাশের নিচে রয়েছেন। ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পরও সেখানে উপজেলা প্রশাসনের কোনো লোক যাননি।
বিলাইচণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহামঞ্চদ ও ওয়ার্ড সদস্য শাহীন জানান, দুপুর পৌনে দুইটার দিকে বৃষ্টি চলার মধ্যে আকস্মিক ওই টর্নেডো আঘাত হানে। এটি কয়েক মিনিট স্থায়ী হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম বলেন, ঘটনাস্থল উপজেলা সদর থেকে ১৮-২০ কিলোমিটার দূরে হওয়ায় এবং বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করা যায়নি।