টহল পিকআপে ট্রাকের ধাক্কায় পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে টহলরত পুলিশের পিকআপে ট্রাকের ধাক্কায় একজন কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কামারখন্দ উপজেলার নলকা এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ সড়কে (ঢাকা-বগুড়া মহাসড়ক) এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম মোস্তাফিজুর রহমান (২৮)। তিনি সিরাজগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। বাড়ি বগুডার সারিয়াকান্দি উপজেলায়। আহত ব্যক্তিরা হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক রাজু মিয়া, কনস্টেবল শহিদুল ইসলাম, রাজীব ও সোহেল রানা। তাঁদের মধ্যে শহিদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনের ভাষ্য, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ওই জায়গায় রিকুইজিশন করা একটি পিকআপে পুলিশ সদস্যরা টহল দিচ্ছিলেন। তাঁরা কড্ডার মোড় থেকে নলকায় যাচ্ছিলেন। নলকা সংলগ্ন বানিয়াগাতী এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক পেছন থেকে পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ থেকে পাঁচজন ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মোস্তাফিজুর নিহত হন।

ট্রাক ও চালককে আটক করা যায়নি।