টহল-তল্লাশি আবার শুরু করেছে র্যাব
আবার টহল-তল্লাশিসহ আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত কাজগুলো শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে র্যাব টহল দেওয়া শুরু করেছে।
নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় র্যাব-১১-এর তৎকালীন অধিনায়কসহ তিন কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর টহল-তল্লাশির মতো নিয়মিত কাজ বন্ধ করে দেয় র্যাব। গত ২৬ মে র্যাব জানায়, র্যাব এখন শুধু তাদের ওপর অর্পিত সুনির্দিষ্ট সাতটি কাজই করবে।
তবে পবিত্র রমজান মাস ও ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবকে আবারও টহল-তল্লাশিতে নামানোর সিদ্ধান্ত নেয় সরকার।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হাবিবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য র্যাব টহল-তল্লাশিসহ নিয়মিত কাজগুলো আবারও পরিচালনা শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ সিদ্ধান্ত হয়েছে। গতকাল থেকেই টহল দেওয়া শুরু করেছে র্যাব।