টাইগার ক্যারাভ্যান এখন খুলনায়
সুন্দরবনের বাঘের রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাইগার ক্যারাভ্যান এখন খুলনায় অবস্থান করছে। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান গত শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে টাইগার ক্যারাভ্যানকে স্বাগত জানান।
‘বাঘ আমার গর্ব, বাঘ সুরক্ষা করব’—এই স্লোগানকে সামনে নিয়ে টাইগার ক্যারাভ্যান দেশের ১০০টি স্থানে যাবে। এই কার্যক্রম ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে দুই বছর। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড ও বন বিভাগের যৌথ আয়োজনে এই প্রচারাভিযান বাস্তবায়ন করবে বেসরকারি সংগঠন ওয়াইল্ডটিম।
প্রথম দিন খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ ক্যারাভ্যান রাখা হয়। দুটি বাসের মধ্যে কৃত্রিমভাবে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে আছে মাটির তৈরি বাঘ, হরিণ, কুমিরসহ বিভিন্ন জীবজন্তু। বাঘের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য তা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে প্রদর্শন করা হচ্ছে। এই ক্যারাভ্যান ২৪ মার্চ পর্যন্ত খুলনার বিভিন্ন এলাকায় ভ্রমণ করবে। ২৫ মার্চ টাইগার ক্যারাভ্যান সাতক্ষীরায় থাকবে বলে জানান সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা (ডিএফও) মো. সাঈদ আলী।
সাঈদ আলী আরও বলেন, টাইগার ক্যারাভ্যান আজ ২১ মার্চ খালিশপুরের সরকারি হাজী মুহম্মদ মহসীন কলেজ ও ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের সামনে থাকবে। এ ছাড়া ক্যারাভ্যানটি খুলনা বিশ্ববিদ্যালয়, রয়েল চত্বর ও রূপসা ব্রিজ এলাকা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকা, খুলনা মেডিকেল কলেজ, শিববাড়ি মোড় ও শহীদ হাদিস পার্ক এলাকায় যাবে।