টাইগারদের ব্যর্থতায় বিপাকে দুই টিভি চ্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে জাতীয় দলের সাফল্যে যেমন আনন্দিত হয় দেশের আপামর বাঙালি, তেমনি অপ্রত্যাশিত হারের ক্ষেত্রে হয় ব্যথিত, আবার খেলা সরাসরি সম্প্রচারের সঙ্গে যেসব চ্যানেল যুক্ত থাকে, সেগুলোও পড়ে দারুণ বিপাকে। ঢাকায় শ্রীলঙ্কার সঙ্গে টাইগারদের প্রথম টেস্ট বিপর্যয়ে এমন বিপাকেই পড়েছে দেশের দুই টিভি চ্যানেল।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার এবারের পাঁচ দিনের টেস্ট খেলা সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশের দুটি টিভি চ্যানেল—বিটিভি ও মাছরাঙা টেলিভিশন। আর এই পাঁচ দিনের খেলাকে কেন্দ্র করে এই দুটি চ্যানেলের অনুষ্ঠানসূচিতেও আনা হয়েছিল পরিবর্তন। কিন্তু পাঁচ দিনের খেলা তিন দিনেই শেষ হয়ে যাওয়ায় সবকিছুই ভেস্তে গেছে। আর তাই তো বাংলাদেশ দলের ব্যর্থতায় তেমনিভাবে বিপাকে পড়েছে বিটিভি ও মাছরাঙা টেলিভিশন।

বিটিভির মহাব্যবস্থাপক সফিউদ্দিন শিকদার বলেন, ‘খেলা চলাকালে আমাদের অনুষ্ঠানের বিন্যাস থাকে একরকম। কিন্তু হঠাত্ করেই পাঁচ দিনের খেলা তিন দিনে শেষ হয়ে গেলে কিছুটা বিপাকে পড়তে হয়। তবে আমাদের ব্যাকআপ অনুষ্ঠানের মাধ্যমে তা কাটিয়ে উঠতে পারি।’

সফিউদ্দিন শিকদার এ-ও বলেন, ‘আমাদের অনুষ্ঠান বিভাগে কিন্তু এমনিতে বিভিন্ন অনুষ্ঠান জমা থাকে। তা দিয়ে অনুষ্ঠানের সমস্যা কাটানো গেলেও বিজ্ঞাপনের দিক দিয়ে ক্ষতির সম্ভাবনাটা থাকে বেশি।

বিটিভির পাশাপাশি মাছরাঙা টেলিভিশনও বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ সম্প্রচারের উদ্যোগ নিয়েছিল। কিন্তু পাঁচ দিনের আগে খেলা শেষ হওয়ায় চ্যানেলটিও দারুণ বিপাকে পড়েছে। চ্যানেলটির অনুষ্ঠান ব্যবস্থাপক আরিফুর রহমান বলেন, সাধারণত দর্শকদের খেলা দেখার প্রবণতা থাকে অনেক বেশি। কিন্তু হঠাত্ করেই নির্ধারিত সময়ের আগে খেলা শেষ হয়ে গেলে ঠিকই নতুন করে অনুষ্ঠান সম্প্রচার করা হয়। কিন্তু সেই অনুষ্ঠানের দর্শকসংখ্যা অন্য সময়ের চেয়ে কমে যায়। কারণ, খেলার সময় প্রচার চলতি অনুষ্ঠানগুলোর প্রচারণা চালানো সম্ভব হয় না। তাই দর্শক ওই সময়টাতে আনুপাতিক হারে অনেক কমে যায়।

আরিফুর রহমান এ-ও বলেন, অনুষ্ঠানের সমস্যা কাটিয়ে উঠলেও বিজ্ঞাপন প্রচারের দিক দিয়ে টেলিভিশন চ্যানেলগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। অর্থনৈতিক হিসেবে এ ক্ষতির পরিমাণটা ব্যাপক বলা যায়।