টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে ওঠায় গতকাল বুধবার রাতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে পাঠানো এক বার্তায় তিনি অসামান্য সাফল্যের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের পাশাপাশি ম্যানেজার, কোচ এবং ক্রিকেট বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। জয়ের এ ধারা ভবিষ্যতেও বজায় থাকবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসে গতকালের খেলা দেখেন এবং বাংলাদেশের ক্রিকেটারদের অনুপ্রেরণা দেন। অলরাউন্ডার মাহমুদউল্লাহর বিজয়সূচক বাউন্ডারির পর শেখ হাসিনা হাত নেড়ে বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানান। পরে তিনি ম্যানেজার, কোচ এবং ক্রিকেট বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশে এক অভিনন্দন বার্তায় বলেন, ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টার কারণেই বাংলাদেশের ক্রিকেট এখন বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাসসকে বলেন, ক্রিকেটভক্ত শেখ হাসিনা গতকাল পাকিস্তানের ইনিংস শুরু হওয়ার পর ৭টা ৫০ মিনিটে স্টেডিয়ামে প্রবেশ করেন। তিনি বলেন, টাইগারদের উৎসাহিত করতে স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতি নতুন নয়। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী প্রতিটি ম্যাচের খবর রাখেন।