টাইগারপাস-আমবাগান সড়কের কাজ থেমে গেছে!
চট্টগ্রাম নগরের টাইগারপাস থেকে আমবাগান হয়ে পাহাড়তলী পর্যন্ত একটি বিকল্প সড়ক চওড়া করার কাজ মাঝপথে থমকে গেছে।
নগরের জাকির হোসেন সড়কের ওপর যানবাহনের চাপ কমানোর জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষ সড়কটি চওড়া করার কাজে হাত দেয়। ওই সড়কের দুই পাশে শতবর্ষী কিছু গাছ কেটে ফেলার ঘটনায় হইচই সৃষ্টি হলে প্রকল্পের কাজ থেমে যায়।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের জাকির হোসেন সড়কের ওপর দিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার গাড়ি চলাচল করে। ফলে ওই সড়কটি নগরের ব্যস্ততম সড়কে পরিণত হয়। এতে নগরের জিইসি মোড় এলাকায় তীব্র যানজট লেগে থাকে।
নগরবাসীর কথা চিন্তা করে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ ১০ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্পের কাজে হাত দেয়। প্রকল্পগুলো হলো দেওয়ানহাট পুলিশ ফাঁড়ি থেকে পাহাড়তলী পর্যন্ত একটি সড়ক চওড়া করা। এটি আসলে টাইগারপাস-আমবাগান সড়ক নামে পরিচিত।
রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের উদ্যোগ প্রশংসনীয়। রাস্তাটি চওড়া হলে জাকির হোসেন সড়কের ওপর যানবাহনের চাপ অনেকাংশে কমে যাবে। টাইগারপাস হয়ে পাহাড়তলী-অলংকার মোড় দিয়ে দ্রুত বের হওয়া যাবে।
ওমর ফারুক আরও বলেন, ‘গাছ কাটা নিয়ে হইচই সৃষ্টি হওয়ার পর টাইগারপাস-আমবাগান-পাহাড়তলীর সড়কটির প্রশস্তকরণ কাজ থমকে গেছে। এতে নির্দিষ্ট সময়ে প্রকল্প বাস্তবায়ন নিয়ে আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। আমরা প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন দেখতে চাই।’
টাইগারপাস থেকে আমবাগান পর্যন্ত রাস্তার দুই পাশে রেলওয়ের শতবর্ষী গাছগুলো কেটে নিয়ে যায় এলাকার প্রভাবশালীরা। এলাকার সরকার-সমর্থক সাবেক একজন ওয়ার্ড কাউন্সিলর এই কাণ্ড ঘটান বলে অভিযোগ ওঠে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘আগামী মাসে প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। আমরা সেতুর কাজ শেষ করেছি। তবে সড়কের ফুটপাতের কাজ তো বন্ধ নেই। আমরা এখন সড়ক চওড়া করার কাজে আবার হাত দিতে পারব।’