দেশে টাইফয়েডের প্রকোপ দিন দিন বাড়ছে। পাশাপাশি টাইফয়েড নিরাময়ে ব্যবহূত অ্যান্টিবায়োটিকগুলো তাদের কার্যকারিতা হারাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, টাইফয়েড বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা হিসেবে হাজির হচ্ছে।টাইফয়েড ও অন্যান্য আন্ত্রিক জ্বরের অষ্টম আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এ কথা বলেন। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে।সম্মেলনের প্রথম অধিবেশনের শুরুতে জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ এম আর খান বলেন, দেশে টাইফয়েডের প্রকোপ দ্রুতগতিতে বাড়ছে। দিন দিন ওষুধ-প্রতিরোধী হয়ে উঠছে। এর নিরাময়ে এত দিন যেসব অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হতো, তার অনেকগুলো অকার্যকর হয়ে পড়েছে।বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রুহুল আমিন বলেন, শুধু শিশুরা নয়, প্রাপ্তবয়স্করাও এই রোগে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন। নিরাপদ পানি ও খাদ্য টাইফয়েড প্রতিরোধের জন্য খুব দরকার। টাইফয়েডের প্রকোপ বৃদ্ধির উল্লেখ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. সহিদুল্লা বলেন, নির্ভুলভাবে টাইফয়েড নির্ণয় এ দেশে বেশ কঠিন। খুব কম বয়সী শিশুদের জন্য টাইফয়েডের টিকা কার্যকর পন্থা হতে পারে। তিনি বলেন, বাংলাদেশের জন্য স্বল্প মূল্যের টিকা দরকার।বেসরকারি প্রতিষ্ঠান কোয়ালিশন এগেইনস্ট টাইফয়েডের পরিচালক খ্রিস্টোফার বি নেলসন তাঁর উপস্থাপনায় বলেন, যুক্তরাষ্ট্রের দুটি শহরে নিরাপদ পানি সরবরাহের ফলে টাইফয়েডের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে যায়। নিরাপদ পানি ও টিকার মধ্যে কোনটা ব্যয়সাশ্রয়ী—এমন প্রশ্নের উত্তরে নেলসন বলেন, সবার জন্য পানি সরবরাহ করা তুলনামূলকভাবে কঠিন।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) টিকা কেন্দ্রের পরিচালক ফেরদৌসী কাদরী জানান, বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, সিঙ্গাপুর, কোরিয়া, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ফিজি, কেনিয়া ও নাইজেরিয়ার প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন।সম্মেলনের একাধিক অধিবেশনে টাইফয়েডের টিকা নিয়ে আলোচনা হবে।