টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবি মাধ্যমিক শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় বেতন স্কেলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।
গতকাল মঙ্গলবার দুপুরে সমিতির সভাপতি ইনছান আলী ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সরকার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে লিখিতভাবে এই দাবি জানান।
এর আগে সংগঠনটি এই দাবিতে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করলেও পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে।
ইনছান আলী প্রথম আলোকে বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আর্থিক ও পদমর্যাদার ক্ষেত্রে বঞ্চিত হবেন। এ জন্য তাঁরা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহালের দাবি জানিয়েছেন।
৭ সেপ্টেম্বর টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দিয়ে মন্ত্রিসভায় অষ্টম বেতন স্কেল অনুমোদিত হওয়ার পর থেকে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকেরা আন্দোলনে নেমেছেন।