টাইমস্কেল চালু ও শিক্ষানীতির বাস্তবায়নসহ বিভিন্ন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ, স্থগিত করে রাখা টাইমস্কেল চালু, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নসহ বিভিন্ন দাবি জানানোর মধ্য দিয়ে গতকাল বুধবার পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে শিক্ষক সংগঠনগুলো শোভাযাত্রা, আলোচনা সভা, সমাবেশসহ পৃথক পৃথক কর্মসূচি পালন করে।বিশ্ব শিক্ষক দিবস-২০১১ উদ্যাপন কমিটি সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) এক আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করেন শিক্ষকনেতা কাজী ফারুক আহমেদ।শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ আয়োজন করে। সমাবেশে সংগঠনের নেতারা বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং টাইমস্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার করা না হলে ১ জানুয়ারি থেকে সব কলেজে তালা ঝুলবে। ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংহতি জানান বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ প্রমুখ।গত বছরের নভেম্বরে বেসরকারি কলেজের শিক্ষকদের টাইমস্কেল দেওয়া হলেও পরে জানুয়ারি থেকে তা স্থগিত করা হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) উদ্যোগে রাজধানীর মিরপুর কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাকশিসের সভাপতি ইসহাক হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অধ্যক্ষ পরিষদের সভাপতি মোহাম্মদ মাজহারুল হান্নান, হারুনুর রশীদ পাঠান, এ কে এম আবদুল্লাহ প্রমুখ। বক্তারা বিশ্ব শিক্ষক দিবস পালনে সরকারি কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা শিক্ষকদের সরকারি-বেসরকারি বৈষম্য দূর করার দাবি জানান।বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) উদ্যোগে ধানমন্ডি সরকারি উচ্চবিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন ঢাকা অঞ্চলের উপপরিচালক এ কে এম মোস্তফা কামাল, বাসমাশিসের সাধারণ সম্পাদক ইনসান আলী প্রমুখ। বক্তারা শিক্ষকদের পদোন্নতিসহ বিভিন্ন ধরনের দাবিদাওয়া অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।বাকশিস (শরীফুল) ও বিপিসির উদ্যোগে সেগুনবাগিচায় একটি রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করা হয়। বাকশিসের সভাপতি খন্দকার এনামুল করিমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বাকশিসের মহাসম্পাদক মোহাম্মদ ইউনুস মোল্লা, জাফর উল্লাহ, সালমা সাহাদাত প্রমুখ।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে খিলগাঁওস্থ হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মহিবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন নাফিস উদ্দিন চৌধুরী, গোলাম মোস্তফা প্রমুখ। বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষায় কাঙ্ক্ষিত শিক্ষার্থী ভর্তি অর্জন হওয়া সত্ত্বেও প্রাথমিক শিক্ষকদের সমস্যা ও যৌক্তিক সুপারিশের কিছুই বাস্তবায়ন হয়নি।বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশার-ছালাম) রাজধানীর লালবাগের রহমতুল্লাহ মডেল হাইস্কুলে আলোচনা সভার আয়োজন করে। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেসক্লাবে।