টাইমের বর্ষসেরা সংখ্যায় আছেন শহিদুল আলমও

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম এবার বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বৃহত্তর অর্থে নিপীড়িত সাংবাদিকতাকে বেছে নিয়েছে। তুরস্কে খুন হওয়া সৌদি সাংবাদিক জামাল খাসোগি, মিয়ানমারে কারাদণ্ড পাওয়া বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে ওউ, ফিলিপাইনের সংবাদবিষয়ক ওয়েবসাইট র্যাপলারের প্রতিষ্ঠাতা মারিয়া রেসা এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আনাপোলিসের সংবাদপত্র ক্যাপিটাল গেজেটের সংবাদকর্মীদের নাম বর্ষসেরার তালিকায় ঠাঁই পেয়েছে। তবে মূল প্রতিবেদন “টাইম’স পারসন অব দ্য ইয়ার: দ্য গার্ডিয়ান্সে” বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমসহ বিশ্বের বিভিন্ন দেশে নিপীড়নের শিকার সাংবাদিকদের কথা উল্লেখ করা হয়েছে।
‘ম্যান অব দ্য ইয়ার’ হিসেবে ১৯২৭ সালে টাইমের এই উদ্যোগ শুরু হয়। বৈশ্বিক ঘটনাবলির ওপর ব্যাপক প্রভাব ফেলা ব্যক্তি, গোষ্ঠী, বস্তু কিংবা কোনো পরিকল্পনাকে প্রতিবছর টাইম বর্ষসেরা ঘোষণা করে। গত বছর টাইমের বর্ষসেরার স্বীকৃতি পেয়েছিল যৌন নিপীড়নবিরোধী হ্যাশট্যাগ মি টু আন্দোলন। নীরবতা ভেঙে যেসব নারী ও পুরুষ নিজেদের যৌন নিপীড়নের শিকার হওয়ার ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ করে এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তাদের প্রত্যেকে এর অংশীদার ছিলেন। এবারও বিশ্বব্যাপী চাপে থাকা সাংবাদিকদের স্বীকৃতি দিল টাইম। সাময়িকীটি বলেছে, তারা সাংবাদিকতাকে সম্মানিত করার সিদ্ধান্ত এমন এক সময় নিয়েছে, যখন গণতন্ত্রের অনুশীলন সরকার এবং প্রযুক্তির উৎকর্ষের কারণে হুমকির মুখে।
শহীদুল আলমকে নিয়ে টাইম একটি আলাদা লেখা লিখেছে। শিরোনাম—‘হুমকির মুখে সাংবাদিকতা’: আলোকচিত্রী থেকে বন্দীতে পরিণত হওয়া এক বাংলাদেশি সাংবাদিকের ভয়াবহ যাত্রার ভেতরের কথা। সেই লেখায় তাঁর বিষয়ে বলা হয়েছে, গত আগস্টে বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগে শহীদুল আলমকে গ্রেপ্তারের পর ১০০ দিনের বেশি আটক রাখা হয়। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। দোষী সাব্যস্ত হলে তিনি সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। এরপরও তিনি ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের কথা ভাবছেন। নির্বাচনে কারচুপির আশঙ্কা থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে টাইমকে জানিয়েছেন।
এই আলোকচিত্রী ও মানবাধিকারকর্মীকে নিয়ে ওই লেখায় টাইম বলেছে, লন্ডনে রসায়নশাস্ত্রে পিএইচডি করার সময় শহিদুল আলম একটি ক্যামেরা কেনেন। আশির দশকে বন্ধুর সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণের স্মৃতি ধরে রাখাই ছিল এর উদ্দেশ্য। তবে সেই ক্যামেরাই পরে তাঁর সার্বক্ষণিক সঙ্গী হয়। মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক পরিবর্তন নিয়ে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করছেন তিনি।
৬৩ বছর বয়সী শহিদুল আলম বলেন, ‘অধিকারকর্মী হিসেবে কাজ করার সময় বুঝতে পারলাম, একটি ছবি কত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তখন আমি আলোকচিত্রী হওয়ার সিদ্ধান্ত নিলাম।’ আশির দশকে স্বৈরশাসক এইচ এম এরশাদবিরোধী আন্দোলন থেকে সাম্প্রতিক সময়ের ছাত্র আন্দোলনের ছবি তিনি তুলেছেন। আর এর মাধ্যমেই তিনি বাংলাদেশের নাগরিক অধিকারের জন্য নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

১৯৮৯ সালে শহিদুল আলম তাঁর দীর্ঘদিনের সঙ্গী নৃতাত্ত্বিক ও লেখক রেহনুমা আহমেদের সঙ্গে মিলে দৃক প্রতিষ্ঠা করেন। এর প্রায় ১০ বছর পর ১৯৯৮ সালে তিনি আলোকচিত্রবিষয়ক শিক্ষার জন্য পাঠশালা প্রতিষ্ঠা করেন। ২০০০ সালে তিনি প্রথমবারের মতো এশিয়ার আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবিমেলার আয়োজন করেন। তিনি দেশ-বিদেশে বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন।
ছবি তুলেই শহিদুল আলম সমাজবদলের লড়াই চালিয়ে যেতে চান বলে টাইমকে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা একটা যুদ্ধের মধ্যে ঢুকে পড়েছি। যুদ্ধটা সামাজিক ন্যায়বিচারের জন্য। এর জন্য যা দরকার, তা হলো যোদ্ধা।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘বিশ্বব্যাপী সাংবাদিকতা ঝুঁকির মুখে। আপনি শিক্ষক, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী বা সাংবাদিক, যা-ই হোন না কেন, প্রত্যেকের উচিত ক্রমাগত লড়ে যাওয়া।’
শহিদুল আলম গত ৫ আগস্ট কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরাকে সাক্ষাৎকার দেন। সরকারের তরফ থেকে অভিযোগ করা হয়, তিনি সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। এর কয়েক ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে বাসা থেকে ধরে নিয়ে যান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়। চিন্তাবিদ নোয়াম চমস্কি ও লেখক অরুন্ধতী রায়ের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা শহিদুল আলমকে মুক্তির প্রচারে যোগ দেন। তিনি ১০৭ দিন কারাগারে থাকার পর মুক্তি পান। জামিনে থাকা অবস্থায় আগামী নির্বাচনে দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ কি না, তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সাংবাদিক। তুমি যা করো, সেটা তোমাকে করতেই হবে।’
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সমালোচক হিসেবে র্যাপলারের পরিচিতি রয়েছে। আর ক্যাপিটাল গেজেটের কার্যালয়ে গত জুনে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হন। তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর গত ২ অক্টোবর খুন হন সৌদি রাজপরিবারের কড়া সমালোচক ও ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক খাসোগি। আর মিয়ানমারে রোহিঙ্গা হত্যার সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার হন রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে ওউ। রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গের দায়ে তাঁদের দণ্ড দিয়েছেন দেশটির আদালত। টাইম অবলম্বনে