টাইমের সেরা ফটোবুক তালিকায় প্রতীকের ছবির বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার প্রতীক
সরকার প্রতীক

বিশ্বখ্যাত সাময়িকী টাইম প্রতিবছর আলোকচিত্রীদের তোলা ছবির বই নিয়ে ‘সেরা ফটোবুক’-এর আয়োজন করে। এ তালিকায় এবার এসেছে বাংলাদেশের নাম। শুধু বাংলাদেশ নয়, এ তালিকায় এশিয়ার একমাত্র আলোকচিত্রী হলেন সরকার প্রতীক।
টাইম নির্বাচিত ৩৫টি ফটোবুকের তালিকায় আছে ‘অ্যাসট্রেস নয়েরস’। সরকার প্রতীক এবং জার্মানির আলোকচিত্রী ক্যাটরিন কোয়েনিংয়ের ছবি দিয়ে প্রকাশিত হয়েছে এই ফটোবুকটি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে মুঠোফোনে সরকার প্রতীক প্রথম আলোকে বলেন, ‘আমার ভালো লাগছে। কারণ প্রথম বই এই তালিকায় এসেছে। ফরাসি প্রকাশনী সংস্থাই আমাদের সঙ্গে যোগাযোগ করে। আগে থেকেই তারা আমার কাজের সঙ্গে পরিচিত ছিল। ওরা ক্যাটরিনের সঙ্গে যোগাযোগ করে। দুজনের কাজ নিয়ে কী ধরনের ফটোবুক করবে, সেটা নিয়ে আলোচনা করে। আমাদেরও পছন্দ হয়। প্যারিস ফটো অ্যাপারচার ফাউন্ডেশনের “ফার্স্ট বুক” পুরস্কারের বাছাই তালিকাতেও আছে বইটি।’
বয়সে তরুণ আলোকচিত্রী সরকার প্রতীক বিশ্ববিখ্যাত ফটো এজেন্সি সেভেনের সদস্য। ‘ওয়ার্ল্ড প্রেস ফটো ২০১৫’ পুরস্কার পেয়েছেন। নিউইয়র্ক টাইমস, ন্যাশনাল জিওগ্রাফিক, সানডে টাইমস, দ্য ব্রিটিশ জার্নাল অব ফটোগ্রাফিতে তাঁর তোলা ছবি প্রকাশিত হয়েছে।
বিশ্বখ্যাত আলোকচিত্রী, সমালোচক ও টাইম-এর সম্পাদকদের সমন্বিত দল সেরা ফটোবুক নির্বাচন-প্রক্রিয়া পরিচালনা করে। অ্যাসট্রেস নয়েরস ফটোবুকটি চলতি বছরের জুন মাসে ফরাসি প্রকাশনী সংস্থা চোজ কমিউন প্রকাশ করে।