টাইলসের বাজার উচ্ছেদ

পরীবাগ সড়কের পূর্ব পাশের ফুটপাত থেকে ত্রুটিপূর্ণ টাইলস বিক্রির বাজারটি তুলে দেওয়া হয়েছে। এখান থেকে ১৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
গত ১২ জুন প্রথম আলোয় ‘পরীবাগের ফুটপাতে টাইলসের বাজার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ঈদের আগে বাজারটি উচ্ছেদ করেছেন।
ত্রুটিপূর্ণ টাইলসের বাজারটি এখানেই প্রায় দুই বছর ধরে টিকে ছিল। গুদাম থেকে বাদপড়া বিভিন্ন ধরনের ত্রুটিপূর্ণ টাইলস এ বাজারে বিক্রি করতেন এখানকার বিক্রেতারা। মাঝেমধ্যে কিছু নতুন টাইলসও বিক্রি হতো।
গতকাল মঙ্গলবার সেখানে গিয়ে দেখা যায়, ফুটপাতে কোনো দোকান নেই। কিছু ভাঙাচোরা টাইলস ছড়িয়ে আছে। সড়ক মোটামুটি ফাঁকা। রিকশাভ্যানের ভিড় নেই। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ও বাংলামোটর ঢালের সোনারগাঁ সড়কের মধ্যবর্তী এই সড়কটি পরীবাগ নতুন রাস্তা ও পরীবাগ শাহ সাহেব লেন নামেও পরিচিত। সড়কের পশ্চিম পাশের ব্যবসায়ী ফজলুল হক বলেন, ‘ঈদের আগেই বাজার উঠে গেছে।’ সড়কটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড কমিশনার এম এ হামিদ খান বলেন, ‘পরীবাগ সড়কের ফুটপাত এখন দখলমুক্ত। বাজারটি যাতে আর বসতে না পারে সে বিষয়ে নিয়মিত খেয়াল রাখব। শুধু এই সড়ক নয়, আমার ওয়ার্ডের সব সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত থাকবে।’
