যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অনিয়ম রোধে কমিশনার নিয়োগ দিয়েছে দেশটির সরকার। তিনজন কমিশনার নিয়োগ দেওয়ার কথা থাকলেও গত বুধবার থেকে দুজন কমিশনার কাজ শুরু করেছেন এবং অপর একজনকে পরে নিয়োগ দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
গত বুধবার পার্লামেন্টকে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী এরিক পিকলস। লিখিত বিবৃতিতে তিনি বলেন, ‘এটা শুধু অর্থের বিষয় নয়, স্বজনপ্রীতির সংস্কৃতি স্থানীয় কমিউনিটিতে যেভাবে বিভাজন সৃষ্টি করেছে, তা বন্ধ হওয়া জরুরি।’
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সূত্রে জানা যায়, বুধবার সকালে দুজন কমিশনার কাউন্সিলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিয়োগপ্রাপ্ত কমিশনাররা হলেন লন্ডনের সাবেক ফায়ার সার্ভিস কমিশনার এবং সরকারের উপদেষ্টা কেন নাইট এবং ইংল্যান্ডের স্থানীয় সরকারবিষয়ক সীমানা কমিশনের চেয়ারম্যান ও কাউন্সিলবিষয়ক সাবেক প্রধান নির্বাহী ম্যাক্স কলার।
তবে মেয়র লুৎফুর রহমান সরকারের এ পদক্ষেপকে মাত্রাতিরিক্ত বলে অভিহিত করেন। তাঁর দাবি, যেসব ত্রুটির কথা অডিটে উঠে এসেছে, সেগুলো কাউন্সিল নিজেই শুধরে নিতে পারবে। আর কমিশনার নিয়োগের বিষয়টি পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়।
সরকারের এমন সিদ্ধান্তে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। লন্ডনের বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী সরকারের এমন সিদ্ধান্তকে মাত্রাতিরিক্ত এবং বৈষম্যমূলক বলে অভিহিত করেন। তিনি বলেন, ইংল্যান্ডের অন্য কাউন্সিলে এর চেয়ে গুরুতর অনিয়ম পাওয়ার পরও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ সরকার নেয়নি।
তবে লন্ডনের বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট এবং সাপ্তাহিক জনমত সম্পাদক নবাব উদ্দিন বলেন, অডিট প্রতিবেদনে যে অনিয়ম এবং স্বজনপ্রীতির কথা বলা হয়েছে, সেটাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই সরকার ব্যবস্থা নিয়েছে।