টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র লুৎফুরের সম্পত্তি জব্দের নির্দেশ
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র লুৎফুর রহমানের সম্পত্তির লেনদেন জব্দ (ফ্রিজ) রাখার জন্য গত মঙ্গলবার আদেশ দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। একই সঙ্গে তাঁকে গত পাঁচ বছরের আয়-ব্যয়ের হিসাব এবং গত সাত বছরের কর রিটার্নের হিসাব দাখিল করতে বলা হয়েছে।
লন্ডনের হাইকোর্টের ওই নির্দেশ অনুযায়ী, ৩ লাখ ৫০ হাজার পাউন্ডের বেশি দামের কোনো সম্পত্তি বিক্রি বা মালিকানা হস্তান্তর করতে পারবেন না লুৎফুর রহমান।
ভোট জালিয়াতির দায়ে একটি বিশেষ নির্বাচনী আদালতের রায়ে গত ২৩ এপ্রিল মেয়র পদ হারান লুৎফুর রহমান। ওই মামলায় বাদীপক্ষের আইনি খরচ বাবদ পাঁচ লাখ ব্রিটিশ পাউন্ড এবং আদালতের খরচ বাবদ দুই লাখ ৫০ হাজার পাউন্ড অনতিবিলম্বে পরিশোধের জন্য লুৎফুরকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রায় ঘোষণার আড়াই মাস পেরিয়ে গেলেও তিনি ওই অর্থ পরিশোধ করেননি। তাই খরচ আদায়ের জন্য বাদীপক্ষ আদালতের দ্বারস্থ হয়। মঙ্গলবার এ নিয়ে শুনানি শেষে আদালত লুৎফুর রহমানের সম্পত্তি ফ্রিজ করার পাশাপাশি গত পাঁচ বছরে তাঁর আয়-ব্যয়ের হিসাব দাখিলের নির্দেশ দেন।
সিলেটের বালাগঞ্জে জন্মগ্রহণকারী লুৎফুর রহমান যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতি করতেন। ২০১০ সালে মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে বিরোধের জেরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।