টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়রের সঙ্গে দীপু মনির বৈঠক
ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে কোনো যু্দ্ধাপরাধী বসবাস করে না, তবে সেখানে যুদ্ধাপরাধীরা কাজ করে বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে ব্রিটিশ সরকারকে সহায়তা করবেন বলে জানিয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র মতিন উজ্জামান। শুক্রবার লন্ডনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠককালে মেয়র এই আশ্বাস দেন।বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্থানীয় বাঙালিদের সমস্যার কথা জানতে চান। মেয়র প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের দাবি বাস্তবায়নে বর্তমান সরকারের যুগান্তকারী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় লন্ডনে আসা শিক্ষার্থীদের প্রতারণা ও দুর্ভোগের বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীর নজরে আনা হলে মন্ত্রী সারা দেশে প্রায় এক হাজার তথ্য সেল ও তথ্যপ্রযুক্তিকেন্দ্র প্রতিষ্ঠা করে প্রযুক্তি সেবা ও সচেতনতা বাড়ানোর আশ্বাস দেন।বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বিশ্বের অন্যতম বিনিয়োগবান্ধব রাষ্ট্র উল্লেখ করে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান।পৌনে এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আল্লামা সিদ্দীকী ও পিআরআইডির চেয়ারপারসন ওয়াজেদ হাসান সেলিম।জার্মানি সফরে দীপু মনিআমাদের হ্যানোভার (জার্মানি) প্রতিনিধি জানান, সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির গতকাল শনিবার জার্মানি পৌঁছার কথা। জার্মানিতে অবস্থানকালে সরকারি মহলে আলোচনাসহ সেমিনার ও প্রবাসী বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে বার্লিনের বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে।পাঁচ দিনের এই সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ড. গুডো ভেস্টেরভেলেসহ দেশটির উন্নয়নবিষয়ক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।