টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের বাঙালি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে সরাসরি ভোটে প্রথম মেয়র নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ হয়েছে। নেতৃস্থানীয় প্রার্থীদের দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত। ফলে এই প্রথমবারের মতো ব্রিটেনে একজন বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গ্রহণ চলছিল।নির্বাচনে মোট ভোটারের সংখ্যা এক লাখ ৭৫ হাজার। এর প্রায় ৩৫ শতাংশই বাংলাদেশি বংশোদ্ভূত। প্রধান দুই প্রার্থী লুৎফর রহমান ও হেলাল আব্বাস দুজনই ছিলেন লেবার পার্টির স্থানীয় নেতা। লেবার পার্টি হেলাল আব্বাসকে প্রার্থী করলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ান লুৎফর রহমান। ক্ষমতাসীন জোটের দুই শরিক কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীও রয়েছেন এই নির্বাচনে। মোট পাঁচজন প্রার্থীর মধ্যে এই লড়াই হচ্ছে। এ বছরের মে মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে এই একই এলাকা থেকে ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভুত রুশনারা আলি এমপি নির্বাচিত হন। বিবিসি।