টাকা আত্মসাতে বাধা দেওয়ায় নির্মম পরিণতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর হাসপাতালের শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছেন এক নারী ইউপি সদস্য। হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর হাত-পা ভাঙার পর শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়েছে। ভুয়া তালিকার মাধ্যমে কর্মসংস্থান কর্মসূচির টাকা তুলতে বাধা দেওয়ায় তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ওই নারী ইউপি সদস্যের গদাইপুর গ্রামের বাড়িতে গত ২০ মার্চ এ ঘটনা ঘটে। তাঁর নাম নাছিমা খাতুন (৩২)। তিনি খাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ঘটনায় নাছিমা বেগম বাদী হয়ে গত ২২ মার্চ ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ এ পর্যন্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২০ মার্চ ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম অর্ধশতাধিক লোককে কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক সাজিয়ে কৃষি ব্যাংকের আশাশুনি শাখা থেকে টাকা তোলার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে নাছিমা খাতুন ব্যাংকে গিয়ে আপত্তি করলে টাকা উত্তোলন বন্ধ হয়ে যায়। পরে ইউপি চেয়ারম্যানের ইন্ধনে ২০-২৫ জন সন্ত্রাসী তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়, রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর বাঁ হাত ও বাঁ পা ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়। রাতেই তাঁকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত ২২ মার্চ তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সদর হাসপাতালের অর্থোপেডিক কনসালট্যান্ট জাহাঙ্গীর আলম বলেন, নাছিমা খাতুনের বাঁ হাত ও বাঁ পা ভেঙে গেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ অস্বীকার করেছেন আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। তিনি দাবি করেন, মামলা থাকায় কর্মসংস্থান কর্মসূচির কয়েকজন শ্রমিক গোপনে ব্যাংকে টাকা তুলতে গেলে নারী ইউপি সদস্য তাতে আপত্তি করেন। টাকা না পাওয়ায় ওই শ্রমিকেরা বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেছেন। তিনি ওই সময় আশাশুনির বাইরে ছিলেন।