খুচরা সার বিক্রেতাদের জামানতের টাকা আত্মসাৎ করার অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।মামলার বাদী উপজেলা কৃষি কর্মকর্তা এবং সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব মো. গোলাম ফারুক ভূঁইয়া বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৭ জন খুচরা সার বিক্রেতার প্রত্যেকে জামানত হিসেবে ৩০ হাজার টাকা মূল্যের ৪৭টি পে-অর্ডারে মোট ১৪ লাখ ১০ হাজার টাকা জমা দেন। ওই পে-অর্ডারগুলো সোনালী ব্যাংকের কমলনগর শাখায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির চলতি হিসাব নম্বরে জমা দেওয়ার জন্য রুহুল আমিনকে দায়িত্ব দেওয়া হয়। তিনি ওই পে-অর্ডারগুলোর বিপরীতে ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যাংক থেকে নিজের নামে কৌশলে উত্তোলন করে আত্মগোপন করেন। পরে তিনি গত বুধবার রুহুল আমিনের বিরুদ্ধে কমলনগর থানায় মামলা করেন।লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার বলেন, বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুজ জব্বার বলেন, গতকাল বৃহস্পতিবার রুহুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।