টাকা আত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তার জেল
সরকারি টাকা আত্মসাতের দায়ে সোনালী ব্যাংক ফরিদপুরের ভাঙ্গা শাখার ক্যাশিয়ার এ বি এম ফজলুল রশিদকে ১২ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও সাড়ে তিন বছর বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। জেলার বিশেষ দায়রা জজ মো. শফিকুর রহমান গতকাল সোমবার এ রায় দেন। আদালত অপর আসামি ওই ব্যাংকের ব্যবস্থাপক (ম্যানেজার) গুলজার হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ফজলুল রশিদের বাড়ি ফরিদপুর শহরের কমলাপুর মহল্লায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মো. মজিবুর রহমান বলেন, গুলজার হোসেন ও বজলুল রশিদ ভাঙ্গা সোনালী ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় সাব রেজিস্ট্রার অফিসের জমাকৃত পেমেন্ট অর্ডার সংগ্রহ করে জমা না দিয়ে ১১ লাখ ৩৬ হাজার ৪৫০ টাকা আত্মসাৎ করেন। পরে দুদকের তৎকালীন সহকারী পরিচালক নূর হোসেন খান অনুসন্ধান ও তদন্ত করে ২০০৮ সালের ৯ মার্চ ভাঙ্গা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ও ক্যাশিয়ারকে আসামি করে একটি মামলা দায়ের করেন।