চেক জালিয়াতি করে ২৪ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের মামলায় নেত্রকোনার পূর্বধলা ইউএনওর কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আতিকুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে পূর্বধলার শ্যামগঞ্জ বাজার থেকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ আতিকুলকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আতিকুল ইসলাম তিন বছরের বেশি সময় ধরে পূর্বধলায় কর্মরত আছেন। তাঁর বিরুদ্ধে ইউএনওর ‘বিবিধ হিসাব তহবিল’ থেকে গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে ২৪ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। ওই সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন নূর মোহাম্মদ হোসেন। বর্তমানে তিনি সাতক্ষীরা সদরের ইউএনও। সোনালী ব্যাংক পূর্বধলা শাখার চলতি হিসাব থেকে সাতটি চেকের মাধ্যমে সাবেক ইউএনও নূর মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত চেক দিয়ে ওই টাকা তোলা হয়।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, হিসেবে গরমিল দেখতে পেয়ে ৫ জুলাই বর্তমান ইউএনও নমিতা দে বাদী হয়ে আতিকুলের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করেন। এর দুই দিন আগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। এ নিয়ে ৭ জুলাই প্রথম আলোতে ‘পূর্বধলা ইউএনওর কার্যালয়, অফিস সহকারীর বিরুদ্ধে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।