ছয় কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ
টাকা আত্মসাতের মামলায় দুদকের চূড়ান্ত প্রতিবেদন!
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ক্রুড অয়েল ও রিফাইন অয়েল আমদানিকালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের দুর্নীতির মামলায় ছয় কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে গত রোববার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুসন্ধানে দুদক দুর্নীতির সত্যতা পেলেও তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেন আদালতে।
তবে জ্যেষ্ঠ আইনজীবীদের মতে, দুদকের মামলায় সাধারণত চূড়ান্ত প্রতিবেদন হয় না। কারণ, প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুদক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদন নিয়ে মামলা দায়ের করে থাকে।
তিন মামলায় তদন্তে অব্যাহতি পাওয়া বিপিসির ছয় কর্মকর্তা হলেন বিপিসির উপমহাব্যবস্থাপক (অর্থ) মণিলাল দাস, উপব্যবস্থাপক (অর্থ) মো. জাহাঙ্গীর হোসেন, বিপিসির কর্মকর্তা নুরুল ইসলাম, মহাব্যবস্থাপক (হিসাব) গিয়াস উদ্দিন আনসারী, উপমহাব্যবস্থাপক (হিসাব) কাজী সহিদুর রহমান ও উপমহাব্যবস্থাপক (হিসাব) মো. জাকির হোসেন। গত বছরের ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের বন্দর থানায় দুর্নীতির মামলা তিনটি দায়ের করেছিল দুদক।
জানতে চাইলে দুদক চট্টগ্রামের আইন কর্মকর্তা মাহমুদুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি। চূড়ান্ত প্রতিবেদনগুলো গ্রহণের শুনানির দিন রাষ্ট্রপক্ষ থেকে অধিকতর তদন্তের আবেদন কিংবা নারাজি দেওয়া হবে কি না প্রশ্নের জবাবও গতকাল দুপুরে এড়িয়ে যান তিনি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘দুদক কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়ার পর প্রধান কার্যালয় থেকে অনুমোদন নিয়ে তা অনুসন্ধান করে থাকে। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর আবার অনুমোদন নিয়ে মামলা দায়ের করে থাকে। পরে তদন্ত শুরু করে। তদন্তে দুর্নীতির আরও ব্যাপক চিত্র পাওয়ার কথা। সেই জায়গায় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আসামিদের অব্যাহতির আবেদন চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করায় নানা প্রশ্ন উঠতে পারে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলির উচিত, চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়ে মামলাগুলো অধিকতর তদন্তের জন্য পাঠাতে আদালতে আবেদন করা। নইলে সমাজে দুর্নীতি বাড়বে। কমবে না। ’
তদন্ত শেষে গত সেপ্টেম্বর মাসে মামলা তিনটির চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অনুমোদন দেয় দুদক। গত রোববার চট্টগ্রাম মহানগর আদালতের সেরেস্তায় চূড়ান্ত প্রতিবেদনগুলো জমা দেওয়া হয়। তবে প্রতিবেদনগুলো গ্রহণের শুনানির দিন এখনো ধার্য করা হয়নি।
চূড়ান্ত প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে দুদক চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘তদন্তে যা পাওয়া গেছে তাই প্রতিবেদন দেওয়া হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদক প্রধান কার্যালয় থেকে এগুলো দেওয়া হয়েছে। আমি কিছু বলতে পারব না।’