টাকা আত্মসাৎ, অনিয়ম, দাপট সবই তিনি করে দেখালেন
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সদ্য বিলুপ্ত ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডলের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, টাকা আত্মসাৎসহ ক্যাশিয়ারকে মারধরের অভিযোগ উঠেছে।এ ঘটনায় গত ২৫ আগস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা কর্মকর্তাকে (ভারপ্রাপ্ত) সভাপতি করে তিন সদস্যের একটি নতুন ব্যবস্থাপনা পরিষদ গঠন করা হয়।সমবায় ব্যাংক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৮ সালে তুষারকান্তি মণ্ডলকে রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরিষদে ছিলেন একজন সহসভাপতি ও নয়জন পরিচালক। গত ২৩ আগস্ট ব্যাংকের সহসভাপতি শামীম আক্তার সরকারের সভাপতিত্বে ব্যাংক ভবনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি ছাড়া নয় পরিচালকই উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। এ-সংক্রান্ত একটি অভিযোগ ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে লিখিতভাবে ওই দিনই পাঠানো হয়।দুদকে পাঠানো অভিযোগ ও পরিচালকদের সভার সিদ্ধান্ত থেকে জানা যায়, পরিষদের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা ২০০৮ থেকে ২০১১ সালের জুন পর্যন্ত বাজেট-বহির্ভূত ব্যয় দেখিয়েছেন ২৬ লাখ ১২ হাজার ৬১ টাকা। এসব ব্যয় ব্যবস্থাপনা পরিষদের সিদ্ধান্ত ছাড়াই এককভাবে দেখিয়ে তিনি আত্মসাৎ করেছেন। এ ছাড়া সমবায় ইউনিয়নের আসবাব তিনি একক সিদ্ধান্তে বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।এদিকে সমবায় ব্যাংকের সামনের মাঠে আধা পাকা ১২টি দোকানঘর নির্মাণে ব্যয় হয়েছে ছয় লাখ ৫১ হাজার টাকা। কিন্তু তিনি ব্যয় দেখিয়েছেন আট লাখ ২৪ হাজার টাকা। এতে তিনি এক লাখ ৭৩ হাজার টাকা অতিরিক্ত ব্যয় দেখিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এদিকে ব্যবস্থাপনা পরিষদের কমিটি বাতিল হওয়ার পর গত ১৮ অক্টোবর রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকে ঢুকে ক্যাশিয়ার শরিফুল ইসলামকে চেয়ারের হাতল দিয়ে মারধর করেন। এ সময় তুষারকান্তি ক্যাশিয়ারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁকে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় ওই দিনই ক্যাশিয়ার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।শরিফুল ইসলাম বলেন, ‘গত ২৫ আগস্ট ব্যবস্থাপনা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হলেও তিনি অন্যায়ভাবে ব্যাংকে প্রবেশ করে কার্যক্রম পরিচালনা করতে চান। এ কাজে বাধা দেওয়ায় তিনি আমার ওপর চড়াও হন।’ব্যাংকের বিলুপ্ত হওয়া ব্যবস্থাপনা পরিষদের পরিচালক ও জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম অভিযোগ করেন, তিনি (তুষারকান্তি) কোনো সভা ছাড়াই বিভিন্ন খাতে টাকা উত্তোলন দেখিয়ে আত্মসাৎ করেছেন। একই মন্তব্য করেছেন সরকার আমিনুল ইসলাম নামে অন্য এক সাবেক পরিচালক।এসব অভিযোগ অস্বীকার করে তুষারকান্তি মণ্ডল দাবি করেন, সমবায় ব্যাংক নীতিমালা মেনেই এসব ব্যয় করা হয়েছে।বাজেট-বহির্ভূত টাকা ব্যয়ের সত্যতা স্বীকার করে রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেছেন, ‘পুরো ঘটনাটি এখনো তদন্তাধীন।’জেলা সমবায় কর্মকর্তা আবদুল ওয়াহেদ প্রথম আলোকে বলেন, সাবেক সভাপতির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে একটি তদন্ত হয়েছে। সভাপতির বাজেট-বহির্ভূত টাকা ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, টাকা ব্যয় দেখানো হয়েছে। তবে ব্যবস্থাপনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়নি।