টাকা উদ্ধারে র্যা বের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা দরগাহ থেকে লুট হওয়া দুই কোটি টাকা উদ্ধারের জন্য র্যা ব-৭-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী মজুমদারসহ সাতজনের বিরুদ্ধে পটিয়ার যুগ্ম জজ আদালতে মামলা হয়েছে। গতকাল রোববার দরবারের পীর আহমদ ছফা এ মামলাটি করেন। তবে এ বিষয়ে গতকাল আদালত শুনানির জন্য দিন ধার্য করেননি। আদালত সূত্র জানায়, মামলায় বাকি ছয় বিবাদী হলেন: র্যা ব-৭-এর সাবেক উপ-অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মাহমুদুল হাসান, সাবেক উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল বাশার, সাবেক উপপুলিশ পরিদর্শক (এসআই) তরুণ কুমার বসু এবং র্যা বের কথিত তিন ‘সোর্স’ দিদারুল আলম, আনোয়ার মিয়া ও মানত বড়ুয়া। বাদীর আইনজীবী প্রীতিময় চৌধুরী প্রথম আলোকে বলেন, লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারসহ সাতজন আসামি দরবার থেকে দুই কোটি সাত হাজার টাকা লুট করে নিয়ে যান। সেই লুণ্ঠিত টাকা উদ্ধারের জন্য যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করা হয়েছে। গত বছরের ৪ নভেম্বর আনোয়ারা তালসরা দরগাহে অভিযানের কথা বলে দুই কোটি টাকা লুট করেন র্যা বের কর্মকর্তারা।