টাকা ও পারিবারিক ঐতিহ্যের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড। বেশ কিছুদিন আগেও ইউনিয়ন হিসেবেই বেশি পরিচিত ছিল। এলাকার বেশির ভাগ মানুষ এখনো নিম্ন-মধ্যবিত্ত। কিন্তু সেখানে ছয় কাউন্সিলর পদপ্রার্থীর প্রায় সবাই টাকাওয়ালা। তাঁদের মধ্যে আওয়ামী লীগেরই চারজন।
এলাকার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই এলাকার বেশির ভাগ বাসিন্দাই স্থানীয়। ফলে টাকা, প্রভাব, পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক অবস্থান বিবেচনা করে আওয়ামী লীগের চার প্রার্থী ও বিএনপির প্রার্থীর সঙ্গে পঞ্চমুখী লড়াই হবে।
মিরপুরের গোলারটেক, বাগবাড়ী, কোর্টবাড়ী, হরিরামপুর, বড়বাজার, জাফরাবাদ, দিয়াবাড়ী, পালপাড়া, ঋষিপাড়া, মৎস্য বাংলো এলাকা নিয়ে এই ওয়ার্ড। আন্তজেলা গাবতলী বাস টার্মিনাল, গাবতলী গরুর হাট ও সিন্নিরটেক নদীর ঘাট এই এলাকার মধ্যে পড়েছে। সিটি করপোরেশনের আয়ের একটা বড় অংশ সেখান থেকে এলেও এলাকার রাস্তাঘাটের দুরবস্থা দেখলে বোঝা যায় যে ওয়ার্ডটি মনোযোগ কমই পেয়েছে।
এবার এই ওয়ার্ডে প্রথমে আওয়ামী লীগ সমর্থন দেয় লুৎফুর রহমানকে। এলাকায় বেশ টাকাপয়সাওয়ালা বলে পরিচিতি আছে তাঁর। পদ না থাকলেও এলাকায় তিনি বিএনপি ঘরানার মানুষ হিসেবে পরিচিত। তিনি সাভার উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা কফিল উদ্দিন ও তাঁর ভাই হানিফের মামা। আলোচনা আছে, টাকার জোরেই আওয়ামী লীগের সমর্থন পেয়েছিলেন। এর মধ্যে স্থানীয় আওয়ামী লীগের নেতা মুজিব সারোয়ার মাসুমের মনোনয়নপত্র বাতিল হয় ঋণখেলাপি হওয়ার দায়ে। ফলে লুৎফুর রহমানের জন্য সুবিধাই হয়।
কিন্তু পরে মাসুম আদালত থেকে প্রার্থিতা ফিরে পান। আওয়ামী লীগও সিদ্ধান্ত পরিবর্তন করে মাসুমকে সমর্থন দেয়। স্থানীয় সাংসদ আসলামেরও সমর্থন রয়েছে মাসুমের পক্ষে। মাসুম একাধারে ঠিকাদার এবং মিরপুরের সিন্নিরটেক ঘাট ও বিআইডব্লিউটিএর বাল্কহেড ইজারাদার। অবশ্য হলফনামায় তাঁর বার্ষিক আয় দেখিয়েছেন প্রায় ২০ লাখ টাকা। জানতে চাইলে তিনি দাবি করেন, ‘অন্য প্রার্থীদের তুলনায় আমি গরিবই।’
মাসুম প্রার্থিতা ফিরে পাওয়ার কারণে লুৎফুর রহমান দলীয় ছাতা হারান। তবে টাকা ও পারিবারিক প্রভাবের কারণে এখনো লুৎফুর শক্ত প্রতিদ্বন্দ্বী। লুৎফুর গাবতলী গরুর হাট ও ঘাটের ইজারাদার। তাঁর ইটের ভাটাসহ আরও বেশ কিছু ব্যবসা রয়েছে। স্থানীয় সাংসদ আসলামের ভাই মফিজুল হকেরও পরোক্ষ সমর্থন রয়েছে তাঁর পক্ষে। অবশ্য হলফনামায় লুৎফুরের নগদ দুই লাখ টাকা ছাড়া তাঁর ও নির্ভরশীলদের কোনো সম্পদ নেই।
এ বিষয়ে জানতে চাইলে লুৎফুর বলেন, সম্পদ নেই এটা ঠিক না। হলফনামায় ভুল হয়েছে কি না খতিয়ে দেখবেন তিনি।
স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আবুল হোসাইনও আওয়ামী লীগের সমর্থন চেয়েছিলেন। তবে তা না মিললেও নির্বাচনে শক্ত অবস্থান নিয়ে আছেন তিনি। পোস্টারে নিজেকে আবুল কোম্পানি নামেই পরিচয় দিয়েছেন তিনি। ইটের ভাটা, ঠিকাদারিসহ নানা ব্যবসার মাধ্যমে প্রচুর টাকার মালিকও তিনি। তবে তাঁর সমর্থকদের দাবি, স্থানীয় সাংসদ আসলামের সঙ্গে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কারণে তিনি দলীয় সমর্থন পাননি। হলফনামায় আবুলের বার্ষিক আয় দেখিয়েছেন প্রায় ৪৪ লাখ টাকা। এ ছাড়া বাড়ি ও গাড়ি রয়েছে।
আওয়ামী লীগের আরেক প্রার্থী এম এ সেলিম খান। বেশ কয়েকটি বাড়ির মালিক। হলফনামা অনুসারে আবাসন ব্যবসাও আছে। পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বাবা আবদুল মান্নান খান বঙ্গবন্ধু আমলের আওয়ামী লীগের স্থানীয় নেতা। কিন্তু ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আসলামের পরিবর্তে অন্য প্রার্থীর মনোনয়নের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের কাছে দৌড়ঝাঁপ করার কারণে আসলামের চক্ষুশূল হন। এ কারণে দলের সমর্থন পাননি।
একাধিক দলীয় প্রার্থী থাকার বিষয়ে মুজিব সারোয়ার মাসুম প্রথম আলোকে বলেন, ‘কিছুটা সমস্যা তো হচ্ছেই। কারণ দলীয় পদে থাকা কেউ প্রার্থী হলে কিছু সমর্থক তো ভাগাভাগি হয়ে যায়।’
স্থানীয় একাধিক ভোটার বলেন, এই প্রার্থীদের সবাই বিপুল টাকার মালিক। পারিবারিকভাবেও প্রভাব আছে। সবার সঙ্গে সবার প্রতিদ্বন্দ্বিতা হবে। কেউ কাউকে ছাড়ার পাত্র নন।
এই ওয়ার্ডে বিএনপি-সমর্থিত প্রার্থী বদি উজ জামান। অনেকটা একক প্রার্থীই বলা চলে। তবে বিভিন্ন সময়ে অবস্থান পাল্টানোর অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় এক ভোটার বলেন, পড়াশোনা এবং পারিবারিক ঐতিহ্যের কারণে শক্ত প্রার্থী।
জানতে চাইলে বদি উজ জামান বলেন, তিনি সৎ ও শিক্ষিত। বিএনপির একক প্রার্থীও। তাই কাউন্সিলর হওয়ার সম্ভাবনা তাঁরই।
সম্পদ ও সমস্যা হাত ধরে চলছে: গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল, গাবতলী গরুর হাট ও মিরপুর নদীর ঘাটের নিয়ন্ত্রণই লক্ষ্য সব কাউন্সিলর ও রাজনৈতিক নেতাদের। ফলে এলাকার অন্য উন্নয়নের দিকে ঝোঁক কম। গোলারটেক মাঠের পাশেই বিরাট ডাস্টবিন। পুরো মিরপুর এলাকার ময়লা সেখানে জমা হয়। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে সেই ডাস্টবিন ভেঙেচুরে দেয় কয়েক মাস আগে। এখনো তা পুরোপুরি সরেনি। স্থানীয় দোকানদার রফিক মিয়া বলেন, ময়লার গন্ধে বসা যায় না। কিন্তু কেউ এটা সরানোর উদ্যোগ নেয় না।
গলিপথগুলোও ভাঙাচোরা। ঋষিপাড়া থেকে বাগবাড়ী পর্যন্ত প্রায় সব রাস্তার অর্ধেক দীর্ঘদিন ধরে মেরামত চলছে। অন্য অংশে বালু-নির্মাণসামগ্রী রেখে দেওয়ায় চলাচল করা দুষ্কর। স্থানীয় বাসিন্দা সারোয়ার হোসেন বলেন, মূল সমস্যা পানি, রাস্তাঘাট ও ডাস্টবিন। যেসব প্রার্থী আছেন, জেতার পর আন্তরিক হলে এসব সমস্যার সমাধান করতে পারবেন।