টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় বাবা ও ছেলে হাজতে
চট্টগ্রামে টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় বাবা-ছেলে এখন হাজতে। তাঁরা হলেন: আবদুল কাদের ফকির (৫৫) ও তাঁর ছেলে রিয়াজ উদ্দিন ফকির ওরফে রুবেল (২২)। গত তিন দিন ঢাকা ও বরগুনায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ৮৭ ভরি, স্বর্ণালংকার এবং নগদ ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে। কাদেরের শ্যালক সালাহউদ্দিন নগরের কাজীর দেউড়ির ভিআইপি টাওয়ারের এক বাসায় চুরি করে তাঁর ভাগ দুলাভাই ও ভাগনেকে রুবেলকে। সালাহউদ্দিনকে পুলিশ এখন খুঁজছে। পুলিশ সূত্রে জানা গেছে, নগরের কাজির দেউড়ি এলাকার ভিআইপি টাওয়ারে জনৈক আবুল কাশেমের ফ্ল্যাট থেকে গত ১৪ মার্চ ৯০ ভরি স্বর্ণালংকার ও ১১ লাখ টাকা চুরি হয়। গ্রেপ্তার অভিযানে নেতৃত্বদানকারী নগরের কোতোয়ালি থানার পরিদর্শক সদীপ কুমার দাশ বলেন, ‘সালাহউদ্দিন ফ্ল্যাটের কর্মচারী ছিল। ফ্ল্যাট মালিকের অনুপস্থিতিতে সে বিকল্প চাবি দিয়ে সিন্দুক ও আলমারি খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরে বিভিন্ন সূত্র ধরে আমরা এগিয়ে সালাহউদ্দিনের চুরির বিষয়টি নিশ্চিত হই।’ এরপর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। ৮ এপ্রিল পুলিশ গাজীপুর জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় ফটক এলাকা থেকে সালাহউদ্দিনের দুলাভাই আবদুল কাদের ফকিরকে গ্রেপ্তার করে। পরদিন তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ছেলে রুবেলকে বরগুনা জেলার আমতলী উপজেলার আঙুলকাটা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বরগুনা জেলার বেতাগী থানার হাওলাদার বাড়িতে সালাহউদ্দিনের ঘরে গিয়ে বালিশের ভেতর থেকে স্বর্ণালংকার ও পাঁচ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। সালাহউদ্দিন পালিয়ে যায়। এরপর আবদুল কাদেরের স্বীকারোক্তি অনুযায়ী সোনালী ব্যাংকের আমতলী শাখায় তাঁর হিসাব থেকে আরও পাঁচ লাখ টাকা তুলে তা জব্দ করা হয়।